Logo
Logo
×

ক্রিকেট

১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি, অস্ট্রেলীয় ক্রিকেটে ফ্রেজার-ম্যাকগার্কের রেকর্ড

asif

asif

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম

১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি, অস্ট্রেলীয় ক্রিকেটে ফ্রেজার-ম্যাকগার্কের রেকর্ড

অস্ট্রেলিয়ার ঘরোয়া এক দিনের ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলেছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। মাত্র ১৪ বলে অর্ধশতক করে ওয়ানডে কাপের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এই ওপেনার। সেখানেই থামেননি ২৪ বছর বয়সী ব্যাটার। ৬৩ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে মাত্র ৪৯ বলেই পূর্ণ করেছেন সেঞ্চুরি। তাঁর সঙ্গে নাথান ম্যাকসুইনির শতকে ভর করে কুইন্সল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৭ রান করেছে দক্ষিণ অস্ট্রেলিয়া। জবাবে ২৭১ রানে অলআউট হয়ে ১২৬ রানে হেরেছে কুইন্সল্যান্ড।
অ্যাডিলেডের কারেন রলটন ওভালে ওয়ানডে কাপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ফ্রেজার-ম্যাকগার্ক। দ্বিতীয় ওভারে টম স্ট্রেকারের বলে তুলে নেন ২২ রান। এরপর চতুর্থ ওভারে টম হুইটনিকে দুটি ছক্কা ও একটি চার মেরে নেন ১৬ রান। ষষ্ঠ ওভারে হেইডেন কারের বলে চার মেরে ১৪ বলেই পৌঁছে যান ৫০ রানে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া এক দিনের ক্রিকেটে এর আগে এত কম বলে কেউ অর্ধশতক করতে পারেননি। নিজের আগের রেকর্ডও ভেঙেছেন ফ্রেজার-ম্যাকগার্ক। ২০২৩ সালে ১৮ বলে ফিফটি করেছিলেন তিনি। এবার চার বল কম খেলেই গড়েছেন নতুন রেকর্ড।
তবে সব দেশের এক দিনের ক্রিকেট মিলিয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি এখনো তাঁর দখলে নেই। ভারতের বৈভব সূর্যবংশী ১১ বলে ফিফটি করে এই তালিকার শীর্ষে। ১৪ বলে অর্ধশতক করে ফ্রেজার-ম্যাকগার্ক জায়গা করে নিয়েছেন তালিকার যৌথভাবে চতুর্থ স্থানে।
ফিফটির পরও তাঁর ব্যাটের ধার কমেনি। দ্রুত রান তুলতে তুলতে ২২ বলেই ৭৫ রানে পৌঁছে যান এই ওপেনার। একপর্যায়ে নিজেরই গড়া ২৯ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ^রেকর্ড ভাঙার সম্ভাবনাও তৈরি হয়েছিল। ২০২৩ সালে মার্শ কাপে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি গড়েছিলেন তিনি, ভেঙেছিলেন এবি ডি ভিলিয়ার্সের আগের কীর্তি।
কিন্তু কুইন্সল্যান্ডের অধিনায়ক ও চার টেস্ট খেলা লেগ স্পিনার মিচেল সুইপসনের ওভার সেই গতিতে বাধা হয়ে দাঁড়ায়। নবম ওভারে সুইপসনের পাঁচ বল থেকে মাত্র এক রান নিতে পারেন ফ্রেজার-ম্যাকগার্ক। তাঁর দ্রুতগতির লেগ ব্রেক সামলাতে গিয়ে ব্যাটিংয়ের ছন্দ কিছুটা হারান এই ডানহাতি ব্যাটার। মিড-অনের দিকে একটি শট ঠিকমতো খেলতে পারেননি, আরেকটি বল লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়ায় এলবিডব্লিউ হওয়ার ঝুঁকি এড়ান।
তাতে অবশ্য বড় ইনিংস খেলতে বাধা হয়নি। পরে টম হুইটনিকে পরপর দুটি ছক্কা মেরে সেঞ্চুরির দিকে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২২ রান করে হেইডেন কারের বলে এলবিডব্লিউ হন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা।
দক্ষিণ অস্ট্রেলিয়ার অধিনায়ক নাথান ম্যাকসুইনিও কম যাননি। ১০৩ বলে ১০৬ রান করেন তিনি। জেক লেহম্যানের ব্যাট থেকে আসে ৫৮ রান। এই তিন ব্যাটারের অবদানে বড় সংগ্রহ পায় দক্ষিণ অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি কুইন্সল্যান্ড। দলটির ইনিংস থামে ২৭১ রানে। পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন স্পেন্সার জনসন।
ফ্রেজার-ম্যাকগার্কের প্রতিভা নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক তারকা গ্লেন ম্যাক্সওয়েলও প্রশংসা করেছেন। তাঁর মতে, ফ্রেজার-ম্যাকগার্ক অসীম প্রতিভাধর। তবে জাতীয় দলের হয়ে তাঁর সাম্প্রতিক সময়টা খুব উজ্জ্বল নয়। গত বছরের জুলাইয়ের পর অস্ট্রেলিয়ার হয়ে খেলেননি তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের দলেও জায়গা হয়নি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও সর্বশেষ আইপিএল নিলামে দল পাননি।
এই ইনিংসের মাধ্যমে আবারও নিজের সামর্থ্যরে জানান দিলেন ফ্রেজার-ম্যাকগার্ক। কারেন রলটন ওভালে তাঁর রেকর্ডও বেশ উজ্জ্বল। এই মাঠে ছয়টি লিস্ট ‘এ’ ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি ৮৮ রানের ইনিংস রয়েছে তাঁর। সেখানে গড় ৬৮.৬৬ এবং স্ট্রাইক রেট ২০৪.৯৭। তবে সামগ্রিক লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৭ ইনিংসে তাঁর গড় ২৬.৫, স্ট্রাইক রেট ১৩২.৮৩।
 

সম্পর্কিত খবর

আজ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা

আজ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা

বিসিবির কাভার্ডভ্যান আটকে লুট করা হলো ক্রিকেটারদের মালামাল

বিসিবির কাভার্ডভ্যান আটকে লুট করা হলো ক্রিকেটারদের মালামাল

অজিদের কাছে হোয়াইটওয়াশ হলো মেয়েরা

অজিদের কাছে হোয়াইটওয়াশ হলো মেয়েরা

নতুন বিশ^রেকর্ড গড়লেন লিটন দাস

নতুন বিশ^রেকর্ড গড়লেন লিটন দাস

ভিসা জটিলতায় ওমান যাত্রা পেছাল বাংলাদেশের যুবাদের

ভিসা জটিলতায় ওমান যাত্রা পেছাল বাংলাদেশের যুবাদের

ওয়েস্ট-ইন্ডিজ সিরিজেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ

ওয়েস্ট-ইন্ডিজ সিরিজেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম