‘ভবিষ্যতে উড়ন্ত গাড়ি থাকবে-এ কথা সত্যি হলো।’ এমন মন্তব্য করে টেসলার বহুল প্রতীক্ষিত রোডস্টারের উড্ডয়নক্ষমতার প্রদর্শনী সামনে এনেছেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের রকেট উন্নয়ন কেন্দ্রে গাড়িটির বিশেষ সংস্করণকে মাটি থেকে ওপরে উঠতে, শূন্যে ভাসতে এবং নানা কসরত করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওতে সাদা রঙের বৈদ্যুতিক স্পোর্টস কারটিকে শূন্যে ভাসা, উল্টে যাওয়া ও নানা কৌশলে চলাচল করতে দেখা যায়। টেক্সাসের ম্যাকগ্রেগরে আয়োজিত প্রদর্শনীতে মাস্ক বলেন, ‘আমার বন্ধু পিটার থিয়েল একবার বলেছিলেন, ভবিষ্যতে আমাদের উড়ন্ত গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেয়েছি ১৪০ অক্ষর।’ ২০২২ সালে টুইটার কেনার আগে প্ল্যাটফর্মটিতে পোস্টের সর্বোচ্চ অক্ষরসীমা নিয়ে রসিকতা করে তিনি বলেন, ‘এখন আর তা নয়।’ টেসলা জানিয়েছে, রোডস্টারের বিশেষ সংস্করণে ঠান্ডা গ্যাসের থ্রাস্টার ও ফ্যানভিত্তিক সাকশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে তৈরি এই প্রযুক্তি গাড়িটিকে মাটি থেকে ওপরে তুলতে এবং এর গতিবিধি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। প্রদর্শনীতে গাড়িটিকে ঢাল বেয়ে উঠে উল্টো অবস্থায় থাকতে, আবার মাটিতে ফিরে আসতে এবং স্থির অবস্থা থেকে উড়ে সারিবদ্ধভাবে রাখা কয়েকটি গাড়ি পার হতে দেখা যায়। মাস্কের ভাষ্য অনুযায়ী, রোডস্টার প্রকল্পটি টেসলা ও স্পেসএক্সের যৌথ উদ্যোগ। কোম্পানির দাবি, গাড়িটি মাত্র ০.৮১ সেকেন্ডে ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল বা প্রায় ৯৭ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারবে। এর দুটি সংস্করণ রয়েছে-মাটি থেকে উড্ডয়নে সক্ষম বিশেষ ‘রকেট’ সংস্করণ এবং সড়কে চলাচলের জন্য তৈরি ‘থ্রাস্ট’ সংস্করণ। তবে রকেট সংস্করণটি এখনও জনসাধারণের ব্যবহারের সড়কে চলাচলের অনুমোদন পায়নি। গাড়িটি সব জায়গায় আইনগতভাবে চলাচলের অনুমতি পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার কথাও জানিয়েছেন মাস্ক। তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই, এটি সব জায়গায় আইনসম্মত কি না। তবে এমন একটি গাড়ি থাকবে, যার মালিক হওয়া সম্ভব।’ গাড়িটির নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। টেসলার ওয়েবসাইটে রোডস্টারকে ‘পদার্থবিজ্ঞানের সীমার বাইরে’ বলে বর্ণনা করা হয়েছে। তবে গাড়িটিকে সড়কে চলাচলের উপযোগী যান হিসেবেই বাজারে আনার পরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচনের পর থেকে গাড়িটি নিয়ে আলোচনা চলছে। ২০২০ সালে সরবরাহ শুরুর পরিকল্পনা থাকলেও তা বারবার পিছিয়েছে। বর্তমানে ২০২৮ সালে উৎপাদন শুরুর আশা করছে টেসলা। তবে নতুন প্রদর্শিত সংস্করণটির উৎপাদন ও দাম সম্পর্কে বিস্তারিত জানায়নি কোম্পানিটি।
