আল কোরআন
সূরা রুম
পারা ২১, আয়াত ৬০, রুকু ৬ (মাক্কী)
৫০. আল্লাহর রহমতের (বৃষ্টির) ফলাফল নিয়ে চিন্তা করো, কীভাবে তিনি ধূসর জমিনকে সজীব করেন। এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করবেন। কারণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। ৫১. আর আমি যদি এমন বাতাস পাঠাই, যার ফলে ওরা দেখে যে, শস্য হলুদ হয়ে গেছে, তখন ওরা অবশ্যই হা-হুতাশ করতে থাকবে।
৫২. (হে নবি!) তুমি তো মৃতকে কথা শোনাতে পারবে না। তেমনি যারা (অন্তরে) বধির, তারাও তোমার ডাক শুনতে পাবে না, মুখ ফিরিয়ে চলে যাবে। ৫৩. তেমনি কোনো (অন্তরে) অন্ধকেও আলোর পথে আনতে পারবে না। যারা আমার বাণীকে বিশ্বাস করতে এবং আমাতে সমর্পিত হতে ইচ্ছুক, শুধু তারাই তোমার ডাকে সাড়া দেবে।
৫৪. আল্লাহ তোমাদের সৃষ্টি করেন দুর্বল অসহায় অবস্থায়। এরপর তিনি দেন শক্তি। আবার দেন দুর্বলতা ও বার্ধক্যজনিত অসহায়ত্ব। তিনি তাঁর ইচ্ছানুসারেই সৃষ্টি করেন। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৮৮-২০৮৯
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রা:) হতে বর্ণিত-
এক ব্যক্তি বাজারে পণ্য আমদানি করে আল্লাহর নামে কসম খেল যে, এর এত দাম বলা হয়েছে; কিন্তু প্রকৃতপক্ষে তা কেউ বলেনি। এতে তার উদ্দেশ্য সে যেন কোন মুসলিমকে পণ্যের ব্যাপারে ধোঁকায় ফেলতে পারে।
এ প্রসঙ্গে আয়াত অবতীর্ণ হয়, “যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে”- (আল-‘ইমরান ৭৭)।
হুসাইন ইবনু ‘আলী (রা:) হতে বর্ণিত-
তিনি বর্ণনা করেন, ‘আলী (রা:) বলেছেন, (বদর যুদ্ধের) গনীমতের মাল হতে আমার অংশের একটি উটনী ছিল এবং নবি (ﷺ) তাঁর খুমুস্ হতে একটি উটনী আমাকে দান করলেন। যখন আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর কন্যা ফাতিমা (রা:) এর সঙ্গে বাসর রাত যাপনের ইচ্ছা করলাম সে সময় আমি কায়নুকা গোত্রের একজন স্বর্ণকারের সাথে এই চুক্তি করেছিলাম যে, সে আমার সঙ্গে (জঙ্গলে) যাবে এবং ইযখির ঘাস বহন করে আনবে এবং তা স্বর্ণকারদের নিকট বিক্রি করে তার মূল্য দ্বারা আমার বিবাহের ওয়ালীমার ব্যবস্থা করব।
