দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
asif
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পিএম
দৌলতপুর প্রতিনিধি-: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে পৃথক দুটি সফল অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,৪৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য (ছয় লক্ষ চৌদ্দ হাজার) টাকা। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৪৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ দুই হাজার) টাকা। অপরদিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জামালপুর মাঠ নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য (বারো হাজার) টাকা। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
