কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন খালেদ আহমেদ
asif
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছন হাসান মাহমুদ। হাসানের কাউন্টি মিশন শেষ হলেও খালেদ আহমেদ বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। শিকার করেছেন পাঁচ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ল্যাঙ্কাশায়ার অলআউট হয়েছে ১৬১ রানে। ক্যান্টাবুরিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কেন্ট। বোলিংয়ে এসে নিজের প্রথম তিন ওভারই মেডেন দিয়েছিলেন খালেদ। দলের হয়ে প্রথম আঘাতটি হানেন তিনিই। ল্যাঙ্কাশায়ারের ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই টাইগার পেসার। তার বলেই ৩০ রান করে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের হয়ে ১৭ টেস্ট খেলা কিটন জেনিংস। নিজের পরের ওভার বল করতে এসে রানের খাতা খোলার আগেই রকি ফ্লিনটফকে সাজঘরে ফেরান খালেদ। টাইগার পেসারের পাশাপাশি ম্যাট মিলনেস উইকেট শিকারে যোগ দিলে ৮২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ল্যাঙ্কাশায়ার। এরপর ৩৭ রান করা ম্যাটি হার্স্টকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন খালেদ। বাকি ব্যাটাররা বলার মতো রান করতে পারেননি। পরপর দুই বলে মিচেল স্ট্যানলি ও অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে ফাইফারের দেখা পান খালেদ। সবমিলিয়ে ১৫.৫ ওভারে ৪ মেডেনসহ ৪২ রানে ৫ উইকেট শিকার করেন খালেদ আহমেদ। ১৬১ রানে অলআউট হয় ল্যাঙ্কাশায়ার। তাদের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪ রান করেন মাইকেল জোনস। খালেদের ফাইফারের পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করেছেন ম্যাট মিলনেস।
