বাংলাদেশ নারী জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি বিসিবিকে জ্যোতি জানিয়েছেন বলে নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকবাজ। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তবে ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি। এশিয়ান গেমসের পরেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাড়াবেন তিনি। নেতৃত্ব ছাড়ার বিষয়টি জাপান থেকে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছেন জ্যোতি। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না জ্যোতির। নিজের ফর্মের পাশাপাশি দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি ছিল স্পষ্ট। সর্বশেষ নারী এশিয়া কাপ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন জ্যোতি। ৪ ম্যাচে মাত্র ৫৬ রান করেন তিনি, দল বিদায় নেয় সেমিফাইনালে থেকে। এছাড়া নারী জাতীয় দলও ২০২৬ সালের শুরুতে বিশ^কাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও আসেনি সন্তোষজনক ফল। এশিয়া কাপের পর নারী দলের মিশন এখন এশিয়ান গেমস। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১২০টি টি-টোয়েন্টির মধ্যে ৮০ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন নিগার সুলতানা। ২০২২ সাল থেকে সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলের অধিনায়কত্ব করে আসছিলেন তিনি। তার নেতৃত্বেই ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ^কাপে স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ, যা টি-টোয়েন্টি বিশ^কাপের মঞ্চে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়।
