কোনো পদক ছাড়াই এশিয়ান গেমস থেকে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ভারতের পর এবার পাকিস্তানের কাছে হেরে পদক বঞ্চিত থাকতে হয়েছে বাঘিনীদের। চীনের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে না খেলেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর সেমিফাইনালে ভারতের বিপক্ষে জোটে একপেশে পরাজয়। এবার পাকিস্তানের কাছেও একপেশেভাবে হারল বাংলাদেশ নারী দল। জাপানের আইচি প্রিফেকচারে ব্রোঞ্জ পদক বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান দাঁড়ায় তাদের সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে অধিনায়ক ফাতিমা সানার ব্যাট থেকে। ৩০ বলে তিনটি করে চার-ছক্কায় ৪৫ রান করেন তিনি। এছাড়া গুল ফিরোজা ২৩ বলে ৩১ ও আলিয়া রিয়াজ ২২ বলে ২৫ রান করেন। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পান নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও ঋতু মণি। জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ২০ রানে ৩ উইকেট হারানোর পর নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার প্রতিরোধের চেষ্টা করেন। তবে জ্যোতির ৩০ বলে ২৫ রানের ইনিংস উল্টো চাপ বাড়িয়েছে। তিনি বিদায় নিলে আবারও এক প্রান্তে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। শারমিন একাই লড়াই করে যান। শেষপর্যন্ত ৪৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন শারমিন। ৭ উইকেট হারিয়ে ১১৪ রান জড়ো করলে ৩১ রানের পরাজয় বরণ করে বাংলাদেশ। ব্রোঞ্জ জেতে পাকিস্তান। দলটির পক্ষে ৩ উইকেট পান উম্মে হানি।
