Logo
Logo
×

সম্পাদকীয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক-জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা

asif

asif

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক-জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা

দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি পণ্য টুথপেস্ট। প্রতিদিন কোটি কোটি মানুষ দাঁতের পরিচর্যায় এটি ব্যবহার করেন, বিশেষ করে শিশুরা। এমন একটি পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য নিঃসন্দেহে উদ্বেগের। পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা ইএসডিওর এক বছরব্যাপী গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ার তথ্য জনস্বাস্থ্য ও ভোক্তা সুরক্ষার ক্ষেত্রে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে উৎপাদিত অধিকাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এমনকি শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও এই কণা শনাক্ত হয়েছে। যদিও সব পণ্যে এ উপাদান পাওয়া যায়নি, তবুও অধিকাংশ নমুনায় এর উপস্থিতি নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য সতর্কবার্তা। আরও উদ্বেগের বিষয় হলো, পরীক্ষিত কোনো পণ্যের মোড়ক বা লেবেলে মাইক্রোপ্লাস্টিক বা কৃত্রিম পলিমার ব্যবহারের তথ্য উল্লেখ ছিল না। ফলে ভোক্তারা পণ্য সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। মাইক্রোপ্লাস্টিকের মানবস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আন্তর্জাতিক পরিসরেও গবেষণা চলমান। বিশেষজ্ঞরা শ^াসতন্ত্র, পরিপাকতন্ত্র, রোগ প্রতিরোধ ব্যবস্থা, হৃদ্রোগ, ¯œায়ুতন্ত্র ও প্রজনন স্বাস্থ্যের ওপর সম্ভাব্য বিরূপ প্রভাবের কথা উল্লেখ করলেও এ বিষয়ে আরও বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন রয়েছে। তবে অনিশ্চয়তা থাকলেও সতর্কতার নীতি অনুসরণ করাই যুক্তিযুক্ত। বিশেষ করে ব্যক্তিগত পরিচর্যার পণ্যে এমন উপাদানের ব্যবহার যতটা সম্ভব সীমিত রাখা উচিত। এ ঘটনায় নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জানিয়েছে, বর্তমান মানদ-ে মাইক্রোপ্লাস্টিক অন্তর্ভুক্ত নেই এবং তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে টুথপেস্টসহ ব্যক্তিগত পরিচর্যার সব পণ্যের জন্য বিজ্ঞানভিত্তিক মানদ- নির্ধারণ, নিয়মিত পরীক্ষাগারভিত্তিক নজরদারি এবং উৎপাদকদের জন্য বাধ্যতামূলক লেবেলিং নীতি প্রণয়ন জরুরি। অন্যদিকে, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে। ভোক্তার স্বাস্থ্য ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পণ্যের উপাদান সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিকল্প নিরাপদ উপকরণ ব্যবহারে উদ্যোগী হওয়া প্রয়োজন। বাজার প্রতিযোগিতার চেয়ে ভোক্তার নিরাপত্তা সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত। টুথপেস্টের মতো নিত্যব্যবহৃত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শুধু একটি গবেষণার ফল নয়; এটি ভোক্তা অধিকার, জনস্বাস্থ্য ও পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উৎপাদক প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিত করা শুধু একটি নীতিগত দায়িত্ব নয়, এটি জনগণের স্বাস্থ্য সুরক্ষার অপরিহার্য শর্ত।

 

সম্পর্কিত খবর

অবহেলায় ভাঙছে বাঁধ, বাড়ছে হাওরবাসীর অনিশ্চয়তা

অবহেলায় ভাঙছে বাঁধ, বাড়ছে হাওরবাসীর অনিশ্চয়তা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম