Logo
Logo
×

সম্পাদকীয়

বর্ষায় জলাবদ্ধ ঢাকার জনজীবন

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

বর্ষায় জলাবদ্ধ ঢাকার জনজীবন

রাজধানী ঢাকা দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকা-ের প্রাণকেন্দ্র। প্রতিদিন কোটি মানুষের কর্মব্যস্ততায় মুখর এই মহানগর বর্ষা এলেই যেন ভিন্ন এক চেহারা ধারণ করে। কয়েক ঘণ্টার টানা বা মাঝারি বৃষ্টিতেই রাজধানীর বহু সড়ক পানির নিচে তলিয়ে যায়, যান চলাচল ব্যাহত হয়, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। প্রতি বছরের এই চিত্র যেন নগরবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ঢাকার জলাবদ্ধতা কোনো আকস্মিক সমস্যা নয়; এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত নগরায়ণের ফল। প্রাকৃতিক খাল, জলাধার ও নি¤œাঞ্চল ভরাট করে স্থাপনা নির্মাণ, অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত নালা-নর্দমা পরিষ্কার না করা এবং যেখানে-সেখানে বর্জ্য ফেলার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই পানি জমে সড়ক, অলিগলি এবং আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার প্রভাব শুধু যাতায়াতের দুর্ভোগেই সীমাবদ্ধ নয়। যানজটের কারণে কর্মঘণ্টা নষ্ট হয়, শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না, ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং জরুরি সেবাও ব্যাহত হয়। অনেক এলাকায় বাসাবাড়িতে পানি ঢ়ুকে পড়ায় নষ্ট হয় আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। জমে থাকা দূষিত পানির কারণে ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত ও মশাবাহিত রোগের ঝুঁকিও বেড়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়। জলাবদ্ধতা নিরসনে বিচ্ছিন্ন উদ্যোগ নয়, প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। রাজধানীর খাল ও জলাধারগুলো দখলমুক্ত করে তাদের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নালা-নর্দমার নিয়মিত পরিষ্কার, জলপ্রবাহে বাধা সৃষ্টি করে এমন অবৈধ স্থাপনা অপসারণ এবং নগর পরিকল্পনায় পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় কঠোরতা আনতে হবে, যাতে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যে ড্রেন বন্ধ হয়ে না যায়। তবে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, খাল ও ড্রেনে বর্জ্য নিক্ষেপ থেকে বিরত থাকা এবং নগর পরিচ্ছন্নতায় সক্রিয় ভূমিকা রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সরকারি সংস্থা ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই দীর্ঘস্থায়ী সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করতে। প্রতি বর্ষায় রাজধানীর মানুষকে একই দুর্ভোগের মুখোমুখি হতে হবে-এটি কোনো সভ্য নগরীর চিত্র হতে পারে না। উন্নত ও বাসযোগ্য ঢাকা গড়তে হলে জলাবদ্ধতাকে মৌসুমি দুর্ভোগ হিসেবে নয়, নগর ব্যবস্থাপনার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করতে হবে।
 

সম্পর্কিত খবর

মানবপাচার রোধে দ্রুত কঠিন পদক্ষেপ নিতে হবে

মানবপাচার রোধে দ্রুত কঠিন পদক্ষেপ নিতে হবে

অপরাধের বিস্তার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

অপরাধের বিস্তার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

অবাধে চলছে নদী দূষণ  কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি

অবাধে চলছে নদী দূষণ কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি

ছিনতাইয়ের আতঙ্ক রোধে পদক্ষেপ নিন

ছিনতাইয়ের আতঙ্ক রোধে পদক্ষেপ নিন

বিদ্যুতের ভুতুড়ে বিল, কেন এমন হচ্ছে?

বিদ্যুতের ভুতুড়ে বিল, কেন এমন হচ্ছে?

বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে উঠতে কাজ করতে হবে

বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে উঠতে কাজ করতে হবে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম