Logo
Logo
×

সম্পাদকীয়

নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে কবে?

asif

asif

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে কবে?

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে দেশের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। সবজি, মাছ, ডিম, মুরগিসহ দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। যদিও বৈরী আবহাওয়া ও সরবরাহ সংকট মূল্যবৃদ্ধির একটি বাস্তব কারণ, তবুও বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং কিছু অসাধু ব্যবসায়ীর সুযোগসন্ধানী প্রবণতাও সংকটকে আরও গভীর করছে। রাজধানীর বাজারগুলোতে এখন ১০০ টাকার নিচে অধিকাংশ সবজি পাওয়া কঠিন। কাঁচামরিচের দাম এক মাসের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে ডিম, মুরগি, মাছ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী। ফলে সীমিত আয়ের পরিবারগুলোর জন্য দৈনন্দিন খাদ্যতালিকা বজায় রাখাই কঠিন হয়ে পড়েছে। বাজারে আসা সাধারণ ক্রেতাদের হতাশা এ বাস্তবতারই প্রতিফলন। কৃষি বিভাগ বলছে, অতিবৃষ্টি ও বন্যার কারণে অনেক এলাকার সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সরবরাহ কমে গেছে। এটি মূল্যবৃদ্ধির একটি স্বাভাবিক কারণ। তবে ভোক্তা অধিকার সংগঠনগুলোর অভিযোগ, বন্যার প্রকৃত প্রভাব পুরোপুরি পড়ার আগেই অনেক ব্যবসায়ী অস্বাভাবিকভাবে দাম বাড়িয়েছেন। অতীতের অভিজ্ঞতাও বলে, প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফার প্রবণতা নতুন নয়। এ ধরনের অনিয়ম রোধে কার্যকর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। সরকারি সংস্থাগুলো বাজার তদারকির কথা বললেও প্রশ্ন থেকে যায়, কেন একই ধরনের মূল্যবৃদ্ধি প্রায় প্রতি দুর্যোগের সময়ই দেখা দেয়। কেবল ভ্রাম্যমাণ আদালত বা সাময়িক অভিযান দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। উৎপাদন এলাকা থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত সরবরাহ ব্যবস্থা সচল রাখা, পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং মজুতদারি ও কারসাজির বিরুদ্ধে নিয়মিত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতেও প্রয়োজন দ্রুত সহায়তা। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীজ, সার ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করা গেলে উৎপাদন দ্রুত স্বাভাবিক হবে এবং বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীল কৃষি, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং আধুনিক সরবরাহ শৃঙ্খলা গড়ে তোলাও জরুরি। নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক স্থিতিশীলতারও একটি গুরুত্বপূর্ণ শর্ত। তাই প্রাকৃতিক দুর্যোগকে অজুহাত করে যাতে কেউ অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে, সেদিকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত সরবরাহ সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক নীতি গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজার ব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি।

 

সম্পর্কিত খবর

বর্ষায় জলাবদ্ধ ঢাকার জনজীবন

বর্ষায় জলাবদ্ধ ঢাকার জনজীবন

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক-জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক-জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা

অবহেলায় ভাঙছে বাঁধ, বাড়ছে হাওরবাসীর অনিশ্চয়তা

অবহেলায় ভাঙছে বাঁধ, বাড়ছে হাওরবাসীর অনিশ্চয়তা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম