ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবারের সদস্য ও ছোট শিশুসন্তানের উপস্থিতিতে তাকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পরীমনি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’ জানা গেছে, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থান করার সময় বাঁধনকে হেনস্তা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিতে দেখা যায়। তারা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেওয়ার পাশাপাশি গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। ভিডিওতে বাঁধনের সঙ্গে থাকা শিশুটিকে ভয়ে কাঁদতেও দেখা যায়। শিশুর কান্নার শব্দ পুরো ভিডিওজুড়েই শোনা যায়। ঘটনার পর এক ভিডিও বার্তায় বাঁধন অভিযোগ করেন, পার্কের মধ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার গায়ে কোক ও পানি ছুড়ে মারা হয় এবং মারধরের একপর্যায়ে তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়। এ ঘটনায় বাঁধন নিজেও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় ভেনিস থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। তার রাজনৈতিক অবস্থানের কারণেই ভেনিসে এই হামলার ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
