Logo
Logo
×

বিনোদন

ভেনিস উৎসবে ‘গোল্ডেন লায়ন’ জিতলো ‘ওম্যান আননোন’

asif

asif

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

ভেনিস উৎসবে ‘গোল্ডেন লায়ন’ জিতলো ‘ওম্যান আননোন’

ইতালির ভেনিসে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ড্যানিশ নির্মাতা মে এল-তৌখির সিনেমা ‘ওম্যান আননোন’। ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ^যুদ্ধ-পরবর্তী ডেনমার্কের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির গল্প মেরি নামের এক গৃহকর্মীকে ঘিরে। ধনী মনিবকে বিয়ের প্রস্তুতির সময় তার গোপন অতীত সামনে আসতে শুরু করে। এক জার্মান সেনার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রকাশ পেলে ড্যানিশ প্রতিরোধ বাহিনীর হাতে জনসমক্ষে লাঞ্ছনার শিকার হওয়ার আশঙ্কায় নিজের জীবন ও সম্মান রক্ষায় লড়াই শুরু করে মেরি। সমাজের দ্বিচারিতা ও লিঙ্গবৈষম্যের পাশাপাশি এক নারীর টিকে থাকার সংগ্রাম তুলে ধরার কারণে ছবিটি জিতে নেয় ভেনিসের সর্বোচ্চ পুরস্কার। প্রধান প্রতিযোগিতা বিভাগে একমাত্র নারী নির্মাতা ছিলেন মে এল-তৌখি। পুরস্কার গ্রহণের সময় তিনি নারী নির্মাতাদের সমান সুযোগের অভাবের বিষয়টি তুলে ধরেন। নির্মাতার ভাষ্য, আর্থিক, লজিস্টিক ও মানসিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যেও সাধারণ ইতিহাসের ‘অচেনা নারীদের’ গল্প তুলে ধরার তাগিদ থেকেই সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। ‘ওম্যান আননোন’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ‘ভোলপি কাপ’ পেয়েছেন মাটিল্ডা আর্সেল। এটি ছিল কোনো চলচ্চিত্র উৎসবে তার প্রথম অংশগ্রহণ এবং কেন্দ্রীয় চরিত্রে প্রথম অভিনয়। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড জুরি প্রাইজ’ জিতেছে দক্ষিণ কোরীয় নির্মাতা লি চ্যাং-ডংয়ের ‘পসিবল লাভ’। ভিন্ন সামাজিক শ্রেণির দুই বিবাহিত দম্পতিকে ঘিরে নির্মিত ছবিটি অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করবে। সেরা পরিচালকের ‘সিলভার লায়ন’ পেয়েছেন রুশ নির্মাতা ইলিয়া খ্রাজানোভস্কি। তিন ঘণ্টা ১৫ মিনিটের ‘ডাউ’ নির্মাণে প্রায় দুই দশক সময় ব্যয় করেছেন তিনি। পুরস্কারটি যুদ্ধে লড়াইরত ইউক্রেনীয়দের ও নিজের মায়ের প্রতি উৎসর্গ করেছেন নির্মাতা। এদিকে গাজা সংঘাত নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাজা’ পেয়েছে ‘স্পেশাল জুরি প্রাইজ’। ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‌্যাচেল সোর পরিচালিত ছবিটি বাস্তব সংঘাতের চিত্র তুলে ধরেছে। এবারের উৎসবে অস্কারজয়ী ব্রিটিশ প্রযোজক জেরেমি থমাসকেও শ্রদ্ধা জানানো হয়। গত শুক্রবার ৭৭ বছর বয়সে মারা যান তিনি। ১৯৮৮ সালে বের্নার্দো বের্তোলুচ্চির ‘দ্য লাস্ট এম্পেরর’ ছবির জন্য সেরা ছবির অস্কার জিতেছিলেন থমাস। এবারের প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের নেতৃত্বে ছিলেন অভিনেত্রী ও নির্মাতা ম্যাগি জিলেনহাল। জুরিতে আরও ছিলেন কাউথার বেন হানিয়া, জনি তো, শাহারবানু সাদাত, জাভিয়ের জিয়ানোভলি, ড্যানিয়েল ব্লুমবার্গ ও ফ্রান্সেসকো ক্যাসেটি।

অন্যান্য উল্লেখযোগ্য পুরস্কারের তালিকা-
সেরা অভিনেতা (ভোলপি কাপ): জন মালকোভিচ (সিনেমা: ওয়াইল্ড হর্স নাইন)।
সেরা চিত্রনাট্য: স্তেফানে ব্রিজে, কোরালি আমেদিও এবং অলিভিয়ের গোর্স (সিনেমা: আ গুড লিটল সোলজার)।
সেরা নবীন অভিনয়শিল্পী: মালু খেবিজি (সিনেমা: আ প্লেস টু হিল)।
সেরা ডেবিউ ফিল্ম: হাউস অব দ্য উইন্ড (নির্মাতা: অগাস্ট বার্নার্ড কুয়েমো ইয়াংহু)।
আর্মানি বিউটি অডিয়েন্স অ্যাওয়ার্ড: আই ম্যাটার (নির্মাতা: আলিনা সেরবান)।

হরাইজনস বিভাগ-
সেরা সিনেমা: ডায়ান ইন দ্য লুপ (নির্মাতা: অ্যান সিরোট ও রাফায়েল বালবোনি)।
সেরা পরিচালক: জ্যাকলিন লেন্টজউ (সিনেমা: আ ডে ইন দ্য লাইফ অব জো: চ্যাপ্টার ফেড্রা)।
সেরা অভিনেতা: রিকার্দো স্কামারসিও (সিনেমা: দ্য চিলড্রেন অব দ্য মাংকি)।
সেরা অভিনেত্রী: লালেহ মারজবান (সিনেমা: ফলিং হাউস)।  

সম্পর্কিত খবর

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন করায় কড়া জবাব দিলেন নীনা গুপ্তা

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন করায় কড়া জবাব দিলেন নীনা গুপ্তা

ভিন্ন এক চরিত্রে পর্দায় আসলেন পাওলি দাম

ভিন্ন এক চরিত্রে পর্দায় আসলেন পাওলি দাম

বাদশাকে ‘প্লে-বয়’ আখ্যা দিলেন সাবেক স্ত্রী

বাদশাকে ‘প্লে-বয়’ আখ্যা দিলেন সাবেক স্ত্রী

অবশেষে অনুষ্ঠিত হচ্ছে কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট

অবশেষে অনুষ্ঠিত হচ্ছে কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট

মারা গেছেন স্বাধীন বাংলা বেতারের সেই শিবু রায়

মারা গেছেন স্বাধীন বাংলা বেতারের সেই শিবু রায়

সমুদ্রতীরে মুগ্ধতা ছড়ালেন দীঘি

সমুদ্রতীরে মুগ্ধতা ছড়ালেন দীঘি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম