Logo
Logo
×

বিনোদন

টরন্টো জয় করে এবার অস্কারের পথে ‘অ্যাং’

asif

asif

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

টরন্টো জয় করে এবার অস্কারের পথে ‘অ্যাং’

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) প্ল্যাটফর্ম পুরস্কার জয়ের পর এবার ২০২৭ সালের অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জায়গা করে নিয়েছে ভারতীয় নির্মাতা থেজা রিওর সিনেমা ‘অ্যাং’। এটি রিওর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ২০২১ সালে একই নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি, যা ক্লেরমঁ-ফেরাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। টিআইএফএফের প্ল্যাটফর্ম প্রতিযোগিতায় পাঁচ সদস্যের আন্তর্জাতিক জুরি ‘অ্যাং’কে বিজয়ী ঘোষণা করে ২০ হাজার কানাডিয়ান ডলার পুরস্কার দিয়েছে। সিনেমাটির নির্মাণশৈলী, ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি এবং একটি নির্দিষ্ট জগতের গভীর ও আবেগপূর্ণ চিত্রায়নের প্রশংসা করেছে জুরি। নাগাল্যান্ডের কোহিমায় জন্ম নেওয়া ৩১ বছর বয়সী থেজা রিও নিজের জায়গা, মানুষ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকেই সিনেমাটি নির্মাণ করেছেন। ষাটের দশকের প্রেক্ষাপটে ভারত-মিয়ানমার সীমান্তবর্তী নাগাল্যান্ডের ঘন জঙ্গলের একটি নির্জন কনিয়াক গ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। গ্রামের প্রধান আংবা দেখছেন, একে একে তার মানুষজন গ্রাম ছেড়ে কাছের আমেরিকান মিশনকেন্দ্রিক নতুন বসতিতে চলে যাচ্ছে। সেখানে তারা গ্রহণ করছে পশ্চিমা পোশাক, চার্চ, ইংরেজি শিক্ষা ও নতুন ভাষা। পুরোনো গ্রামে থেকে যায় শুধু আংবা, তার অসুস্থ স্ত্রী ও বাকপ্রতিবন্ধী ছেলে আমাও। তাদের গল্পের মধ্য দিয়ে উপনিবেশ, ধর্মীয় প্রভাব ও সাংস্কৃতিক পরিবর্তনের জটিল ইতিহাস তুলে ধরেছেন রিও। তার ভাষায়, ‘অ্যাং’ শুধু একটি চলচ্চিত্র নয়, নাগা জনগোষ্ঠীর ভেতর থেকে বলা আত্মকথন। সাধারণত অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিটি দেশ একটি সিনেমা মনোনয়ন দেয়। তবে এবার প্রথমবারের মতো বিশে^র ছয়টি চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় বিজয়ী সিনেমাগুলো সরাসরি গ্রহণ করছে অ্যাকাডেমি। টিআইএফএফের প্ল্যাটফর্ম বিজয়ী হিসেবে সেই সুযোগ পেয়েছে ‘অ্যাং’। এদিকে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক ফিচার বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে মারাঠি থ্রিলার ‘গোন্ধল’। সন্তোষ দাভাখার পরিচালিত সিনেমাটি ২০২৫ সালের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) সিলভার পিকক পুরস্কার পেয়েছিল। ফলে ২০২৭ সালের অস্কার ঘিরে ভারতীয় সিনেমায় ‘অ্যাং’ ও ‘গোন্ধল’-দুটি সিনেমা নিয়েই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

সম্পর্কিত খবর

২০০ কোটি রুপির চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি

২০০ কোটি রুপির চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি

পরীমনির পর এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

পরীমনির পর এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

আদালত প্রাঙ্গণে মেজাজ হারালেন পরীমনি

আদালত প্রাঙ্গণে মেজাজ হারালেন পরীমনি

লাল লেহেঙ্গায় নজর কাড়লেন সানি লিওন

লাল লেহেঙ্গায় নজর কাড়লেন সানি লিওন

আইনি বিপাকে পড়লেন নোরা ফাতেহি

আইনি বিপাকে পড়লেন নোরা ফাতেহি

আল্লাহর কাছে যা চাইলেন মেঘনা আলম

আল্লাহর কাছে যা চাইলেন মেঘনা আলম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম