বিশেষ প্রতিনিধি-: তানজানিয়ার পতাকাবাহী একটি বেসামরিক জাহাজ ইউক্রেনের একটি বন্দরের দিকে যাওয়ার পথে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির ক্যাপ্টেন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন ক্রু সদস্য। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের পুনরুদ্ধার, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের একটি বন্দরের উদ্দেশে যাত্রা করা জাহাজটিতে রুশ ড্রোন আঘাত হানে। এতে জাহাজটির ক্যাপ্টেন প্রাণ হারান এবং তিনজন ক্রু সদস্য আহত হন। তবে হামলার পর জাহাজটির কারিগরি অবস্থা কী পর্যায়ে রয়েছে, তা এখনো যাচাই করা হচ্ছে। ইউক্রেনের দাবি, রাশিয়া নিয়মিত দেশটির বন্দর অবকাঠামো এবং বেসামরিক বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ ধরনের হামলার কারণে জাহাজের নাবিক, আন্তর্জাতিক নৌপরিবহন এবং কৃষ্ণসাগরীয় বাণিজ্যপথের নিরাপত্তা নিয়ে নতুন ঝুঁকি তৈরি হচ্ছে বলেও জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের পরিবহন মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলার কারণে জাহাজের ক্রু, আন্তর্জাতিক নৌপরিবহন এবং কৃষ্ণসাগর দিয়ে পরিচালিত পণ্য পরিবহন কার্যক্রম নতুন করে ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে বেসামরিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কিয়েভ। মন্ত্রণালয় আরও বলেছে, বেসামরিক জাহাজ চলাচল নিরাপদ রাখা, সমুদ্রপথে পণ্য পরিবহন সচল রাখা এবং কৃষ্ণসাগরে নিরাপত্তাঝুঁকি আরও বাড়তে না দেওয়ার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে ইউক্রেন। তবে তানজানিয়ার পতাকাবাহী জাহাজটিতে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি
