চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু
চট্টগ্রাম প্রতিনিধি - চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে রাহাত (১০) নামের এক শিশু আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেকের বাসার মো. ফারুকের ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে রাহাত নামের এক শিশু আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে আনার পর ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার একটি হাত ও পা কাটা পড়েছে।
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু: চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় সুমন মিয়া (৩০) নামের আরও একজন গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামের উপর হাটি এলাকার মো. আকতার হোসেনের ছেলে। আহত সুমন একই এলাকার মো. কামাল হোসেনের ছেলে। তারা পণ্য বিক্রি করতেন। দোহাজারী হাইওয়ে থানার এসআই আব্দুস সাত্তার বলেন, সোহাগ ও সুমন মোটরসাইকেলে কেরানীহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হয় এবং সুমন গুরুতর আহত হয়। তিনি বলেন, দুর্ঘটনায় সোহাগের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। লাশ দোহাজারী হাসপাতালে রাখা হয়েছে। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত সুমনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তবে কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
