কুমিল্লায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা
কুমিল্লা প্রতিনিধি - কুমিল্লার লালমাই উপজেলায় আবদুর রশিদ (৩৫) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হরিশ্চর রেলগেট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুর রশিদ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে। আটকরা হলেন-লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আলী আক্কাছের ছেলে মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের রৌশন আলীর ছেলে মো. রাকিব (২৫) ও মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের মনির হোসেনের ছেলে আল আমিন (৩৬)। লালমাই থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
