নিজস্ব প্রতিনিধি-: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত রোববার দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চিটাগাংরোড টু পাটুরিয়া রুটে চলাচলকারী নীলাচল পরিবহনের একটি বাস সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে ওই বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুনে বাসের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
