দিনাজপুর প্রতিনিধি : বিরলে হাজার হাজার ছাত্র-জনতার মাদক বিরোধী র্যালি ও জনসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে র্যালি শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, বিরল সরকারি কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিউর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান মিলন, বিরল উপজেলা জমঈয়তের সভাপতি মুফতি ফয়সাল রশিদী প্রমূখ। সমাবেশে সঞ্চালনা করেন ০৫ নং বিরল ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশীদ। সমাবেশে বিরল উপজেলাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করে প্রধান অতিথি বলেন, মাদক ছাড়তে হবে, অন্যথায় বিরল ছাড়তে হবে। যারা মাদকের জারবার করেন, তাদেরকে মাদক ছেড়ে ভালো কাজে যুক্ত হতে হবে। ভালো কাজে ফিরে আসার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। আর যারা মাদকের কারবার ছাড়তে পারবেন না, তাদেরকে বিরল ছেড়ে অন্যত্র যেতে হবে। নইলে আইনের আওতায় এনে সকল মাদককারবারীর বিচারের ব্যবস্থা করা হবে।
