চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেল বায়ার্ন মিউনিখ। ফরাসি ক্লাব লিলের কাছে ২-১ গোলে হেরেছে জার্মান চ্যাম্পিয়নরা। ম্যাচে আলেকসান্দার পাভলোভিচের হাস্যকর আত্মঘাতী গোলেই ডুবেছে বায়ার্ন। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের প্রথম জয় পেয়েছে লিল। অন্যদিকে সেরা আটে থেকে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন হয়ে উঠেছে বায়ার্নের। চোটের কারণে বায়ার্নের একাদশে ছিলেন না হ্যারি কেইন, মাইকেল অলিসে ও নিয়মিত গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তবে শুরুটা ভালোই করেছিল ভিনসেন্ট কোম্পানির দল। ১৫ মিনিটে টম বিশফের কর্নার থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন দাইয়ো উপামেকানো। বিরতির পরপরই ব্যবধান সমতায় ফেরানোর সুযোগ পায় লিল। আয়াসে উয়েদার ফাউলের কারণে জশুয়া কিমিখের আত্মঘাতী গোলটি ভিএআরের সাহায্যে বাতিল করেন রেফারি। তবে বেশিক্ষণ গোলের জন্য অপেক্ষা করতে হয়নি ফরাসি ক্লাবটিকে। ৬২ মিনিটে নাথান এনগয়ের দারুণ দৌড় ও পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে লিলকে সমতায় ফেরান উয়েদা। এর তিন মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকেরা। গোলরক্ষক বারকে ওজেরের থ্রো থেকে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে লিল। বল নিয়ে বায়ার্নের রক্ষণে ঢুকে পড়েন এতান এমবাপে। তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। বলটি বিপদমুক্ত করতে গিয়ে পাভলোভিচ এমনভাবে শট নেন যে সেটি নিজের জালেই জড়িয়ে যায়। বায়ার্নের এই মিডফিল্ডারের আত্মঘাতী গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিল। এরপর আর সমতায় ফিরতে পারেনি বায়ার্ন। ফলে চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে প্রথম হারের মুখ দেখতে হয় জার্মান জায়ান্টদের। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ভাইকিংয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে, ভিয়ারিয়াল ১-০ গোলে হারিয়েছে প্রাহাকে। ইন্টার মিলান ২-০ গোলের জয় পেয়েছে স্টুটগার্টের বিপক্ষে।
