মাদক একটি সমাজ, প্রজন্ম ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ধীরে ধীরে ধ্বংস করে। মাদকের বিস্তার শুধু ব্যক্তির জীবন বিপন্ন করে না, পরিবারে অশান্তি সৃষ্টি করে, অপরাধ বাড়ায় এবং দেশের কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে দুর্বল করে দেয়। তাই মাদকমুক্ত দেশ গড়ে তোলা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত অঙ্গীকার হওয়া জরুরি।
বাংলাদেশের ২১ জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটকে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক দেশে প্রবেশ করছে। শুধু স্থলসীমান্ত নয়, নদী, সুন্দরবনের জলপথ ও বঙ্গোপসাগরকেও মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করছে চোরাচালান চক্র। এসব তথ্য মাদক সমস্যার ভয়াবহতা ও প্রতিরোধব্যবস্থার সীমাবদ্ধতাকে সামনে নিয়ে এসেছে।
মাদক উদ্ধারের পরিমাণ কিংবা গ্রেপ্তারের সংখ্যা বাড়লেই মাদক নিয়ন্ত্রণে সফলতা এসেছে, এমনটা ধরে নেওয়ার সুযোগ নেই। বরং মাদক উৎপাদন, সরবরাহ, পরিবহণ ও বিক্রির সঙ্গে যুক্ত পুরো অপরাধচক্রকে ভেঙে দিতে হবে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় প্রযুক্তিনির্ভর নজরদারি, গোয়েন্দা তৎপরতা, ড্রোন ব্যবহার এবং বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত অভিযান আরও কার্যকর করতে হবে। মাদক ব্যবসার অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের উৎস শনাক্ত করে ব্যবস্থা নেওয়াও অত্যন্ত জরুরি।
একই সঙ্গে মাদকাসক্তদের অপরাধী হিসেবে চিহ্নিত না করে চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিকভাবে ফিরে আসার সুযোগ দিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনকে সচেতনতা তৈরিতে সক্রিয় ভুমিকা রাখতে হবে।
মাদকমুক্ত দেশ গড়তে বিচ্ছিন্ন অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা ও কঠোর জবাবদিহি। সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে মাদকাসক্তের পুনর্বাসন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাই হোক রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার।
