দ্রব্যমূল্যের চাপে খাবারে নেই আমিষ, ঝুঁকিতে আগামী প্রজন্ম
asif
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
বর্তমানে দেশে খরচ সামলাতে গিয়ে অনেক পরিবারই খাবারের তালিকা থেকে একে একে বাদ দিচ্ছে পুষ্টিকর খাবার। বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ ও ডালের মতো আমিষসমৃদ্ধ খাবারের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষের পাশাপাশি চাপে পড়েছে মধ্যবিত্ত পরিবারও। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। পুষ্টির অভাবে বেড়ে ওঠা এই প্রজন্মের স্বাস্থ্য ও বিকাশ নিয়ে দুশ্চিন্তা এখন আর অমূলক নয়। গত কয়েক মাসের বাজার পরিস্থিতি এই উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। ব্রয়লার মুরগির কে.জি. প্রায় ২০০ টাকা এবং গরুর মাংসের দামও ৮০০ টাকার কাছাকাছি। মাছের দামও চড়া। এক পর্যবেক্ষণে দেখা যায়, অক্টোবর মাসে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে মাছের দাম বেড়েছে সবচেয়ে বেশি, গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ। একই সময়ে ডিমের দাম বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ এবং মাংসের দাম ০ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ আমিষের গুরুত্বপূর্ণ উৎসগুলোর দাম কমার বদলে আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকের মূল্যস্ফীতিবিষয়ক প্রতিবেদনে দেখা যায়, খাদ্য মূল্যস্ফীতিতে মাছ, মাংস, ডিম, দুধ ও ডালের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারের অবদান ৫১ শতাংশের বেশি। এসব খাবারের মূল্যস্ফীতি বেড়ে ২২ দশমিক ১ শতাংশ হয়েছে, আগের প্রান্তিকে যা ছিল ২১ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ চাল, গম ও সবজির দামে কিছুটা স্বস্তি এলেও আমিষসমৃদ্ধ খাবারের বাড়তি দাম খাদ্য ব্যয়ের ওপর বড় চাপ তৈরি করছে। এই চাপের সরাসরি প্রভাব পড়ছে মানুষের খাদ্যাভ্যাসে। সীমিত আয়ের পরিবারগুলো প্রথমেই মাছ-মাংস কেনা কমাচ্ছে। এরপর ডিম ও দুধের মতো তুলনামূলক সহজলভ্য খাবারও নিয়মিত কেনা কঠিন হয়ে পড়ছে। তবে এখানে শুধু খাদ্যপণ্যের দাম বাড়ার বিষয়টি দেখলেই হবে না; মানুষের আয় ও ক্রয়ক্ষমতার দিকটিও বিবেচনায় নিতে হবে। এমতাবস্থায় এই সমস্যা মোকাবিলায় প্রথমেই আমিষসমৃদ্ধ খাবারের বাজার স্থিতিশীল করতে হবে। মাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদন ও সরবরাহব্যবস্থায় নজরদারি বাড়ানোর পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। স্থানীয় পর্যায়ে মাছ, ডিম ও মুরগির উৎপাদন বাড়াতে খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। পাশাপাশি নিম্ন আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী দামে ডিম, দুধ ও অন্যান্য পুষ্টিকর খাবার সরবরাহের ব্যবস্থা জোরদার করতে হবে। স্কুল পর্যায়ে পুষ্টিকর খাবার সরবরাহের কর্মসূচিও বিস্তৃত করতে হবে। একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শুধু পর্যাপ্ত খাবার নয়, সুষম পুষ্টিও প্রয়োজন। অথচ দ্রব্যমূল্যের চাপে যদি পরিবারের খাবারের তালিকা থেকে একে একে আমিষসমৃদ্ধ খাবার বাদ পড়ে, তাহলে তার প্রভাব পড়বে ভবিষ্যৎ প্রজন্মের ওপর। ফলে অচিরেই আজকের খাদ্যসংকট আগামী দিনের জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিবে।
