Logo
Logo
×

উপসম্পাদকীয়

হামে মৃত ৮২ ভাগ শিশু মায়ের দুধ-বঞ্চিত মায়ের দুধের বিকল্প নেই

asif

asif

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

হামে মৃত ৮২ ভাগ শিশু মায়ের দুধ-বঞ্চিত মায়ের দুধের বিকল্প নেই

হামে মৃত ৮২ ভাগ শিশু মায়ের দুধ-বঞ্চিত
মায়ের দুধের বিকল্প নেই
মোঃ হায়দার আলী
কী বিষয়ে লিখব, তা চিন্তা করছিলাম। শেষ পর্যন্ত ঠিক করলাম, এবার কি কৃষির প্রাণ কৃষক ও তাঁদের উৎপাদিত ফসল নিয়ে লিখব? এ বছর শুরুতেই জ্বালানি তেল সংকট, তেলের জন্য কৃষকদের পাম্প ও দোকানে লম্বা লাইনে অপেক্ষা করতে হয়েছে। তার পর সার সংকট, সার নিয়ে কৃষকদের ভোগান্তির শেষ নেই। ভোটার আইডি কার্ড জমা দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সারা শ্রম নষ্ট করে সার পাচ্ছে না। তার পর সার ও কীটনাশকের কৃত্রিম সংকট সৃষ্টি করে লাগামহীন মূল্য বৃদ্ধি, অবৈধভাবে সার মজুত রেখে হাজার হাজার বস্তা সার পাচার কিংবা বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা বিপুল পরিমাণ সার জব্দ, কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে বিক্রি ও লাখ লাখ টাকা করে জরিমানা করে প্রশংসায় ভাসছেন ওই সব কর্মকর্তাগণ। এটা কি সার সংকট, না বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রÑজনমনে প্রশ্ন উঠেছে।

এছাড়া বিগত বছরগুলোর মতো প্রভাবশালী অসৎ পক্ষ কৃষক সেজে ধান, গম দিয়ে সরকারি খাদ্যগুদামগুলো ভর্তি করেছেন। ধানের দাম কম হওয়ায় কৃষকদের মাথায়। কেননা, বাংলার কৃষকেরা ধান চাষ করে ধান উৎপাদন করতে সার, বীজ, কীটনাশক, নিড়ানি, কৃষি শ্রমিক ইত্যাদিতে যে পরিমাণ ব্যয় করেন এবং বর্তমানে ধানের বাজারমূল্যে কি কৃষক লাভবান হবেন, না ক্ষতিগ্রস্ত হয়ে ধান চাষে আগ্রহ হারাবেন, সেটাই একটি মুখ্য বিষয়। তাছাড়া, একটি কুচক্রী মহল সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের নিকট বেশি মূল্যে বিক্রি করে কৃষকদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা করছেÑএমন অভিযোগ তুলছেন অনেকে। এ ব্যাপারে লেখার জন্য তথ্য-উপাত্ত নিয়ে ল্যাপটপের সামনে বসলাম। এমন সময় স্থানীয়, জাতীয়, অনলাইন পত্রিকায় শিরোনামে দেখলাম, হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেক শিশু, আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন অনেকে। তাই লেখার থিম পরিবর্তন করে এ বিষয়ে আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করলাম। দেখা যাক, পাঠক ও ভুক্তভোগীদের কী উপকারে আসে।

মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার, যার প্রতিটি উপাদানই শিশুর বেড়ে ওঠার জন্য অত্যাবশ্যকীয়। এই দুধ সেবনে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। ফলে শিশুমৃত্যুর ঝুঁকি কমে যায়। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে। মায়ের দুধে প্রায় ২০০ উপাদান রয়েছে, যা অন্য কোনো দুধে নেই। মায়ের বুকের দুধ শুধু যে শিশুমৃত্যুর হার কমায়, তা নয়; বরং মায়ের স্বাস্থ্যের জন্যও তা উপকারী।

শিশুর জন্য শালদুধ অতিপ্রয়োজনীয়। শিশু জন্মের পরপরই মায়ের বুকের যে হলুদ ও আঠালো দুধ নিঃসরণ হয়, সেটিই শালদুধ। জন্মের পর পাঁচ দিন পর্যন্ত এই শালদুধ নিঃসরণ হতে পারে। অজ্ঞতাবশত মায়েরা অনেক সময় শিশুকে তা পান না করিয়ে ফেলে দেন, যা ঠিক নয়। শালদুধ শিশুর জন্য প্রথম খাবার। এতে অধিক পরিমাণে প্রোটিন ও ভিটামিন থাকে। প্রিটার্ম বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের চাহিদা পূরণের জন্য এতে থাকে অধিক পরিমাণে ক্যালরি। বাচ্চার জন্মের পরপর জন্ডিস হওয়ার হাত থেকে এটি রক্ষা করে। শালদুধের ইমিউনোগ্লোবিন শিশুর রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত জরুরি। শালদুধ ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিপক্ষে শিশুর প্রথম প্রতিষেধক।

মায়ের দুধ পরিষ্কার, নিরাপদ এবং শিশুর জন্য উপযুক্ত তাপমাত্রায় নিঃসরণ হয়। ৬ মাস পর্যন্ত নবজাতকের পুষ্টিচাহিদা সম্পূর্ণরূপে পূরণ করে থাকে। মায়ের দুধে এমন উপাদান থাকে, যা শিশুকে ভাইরাস-ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে। সহজে হজম হয়। মা ও শিশুর মধ্যে নিবিড় বন্ধন তৈরি করে। পুষ্টিশূন্যতা থেকে রক্ষা করে ও শিশুমৃত্যুহার কমায়। মায়ের দুধ শিশুর বুদ্ধির বিকাশ ঘটায়। অপরদিকে মায়ের জরায়ু স্বাভাবিক আকারে দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করে, প্রসব-পরবর্তী রক্তপাতের আশঙ্কা কমায়।

প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রক হিসেবে কাজ করে। মায়ের স্তন ও জরায়ু ক্যানসারের ঝুঁকি কমায়। মায়ের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। এককথায়, মায়ের দুধের কোনো বিকল্প নেই। শিশুদের সুস্বাস্থ্যের জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই। জন্মের পর প্রথম ৪-৫ মাস একটি শিশুর বৃদ্ধির মূল উৎসই মায়ের দুধ। প্রসবের পরপরই শিশুকে শালদুধ দেওয়া অত্যন্ত জরুরি, যা প্রোটিনের সর্বোচ্চ ভান্ডার। জন্মের পর প্রথম ৬ মাস অন্য কোনো পানি বা খাবার দেওয়া যাবে না। মায়ের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। বিশেষ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মায়ের দুধ পানে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সিজারিয়ানের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং সচেতনতার অভাবে অনেক শিশু শালদুধ ও মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে।

অনেক মা মনে করেন, শিশুকে বুকের দুধ পান করালে ফিগার নষ্ট হয়ে যায়, স্তন ঝুলে যায়। এসব নানাবিধ কারণে শিশুকে বুকের দুধ পানে বিরত রেখে প্রক্রিয়াজাতকরণ দুধ পানে অভ্যস্ত করে তোলেন। ফলে শিশুদের দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা দিন দিন কমতে থাকে। ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’ প্রতিপাদ্যে মাতৃদুগ্ধ পান বাড়াতে সচেতনতা সৃষ্টি করতে হবে।

বিগত দিনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা, গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার মতো কার্যকর কোনো ধরনের সভা-সেমিনার করা হয়নি। এখন থেকে এক বছরের কর্মসূচি গ্রহণ করে প্রতি মাসে অন্তত একটি জেলায় গিয়ে সিভিল সার্জন, জেলাপ্রশাসক ও উপজেলা লেভেলের কর্মকর্তাদের নিয়ে মাতৃদুগ্ধপানের প্রয়োজনীয়তা বোঝাতে হবে এবং তা পালনে বাধ্যতামূলক করতে হবে। এতে দেশের মানুষ সচেতন হবে এবং নিরাপদে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে সহযোগিতা করবে। সেই সঙ্গে কমে আসবে শিশুমৃত্যুর হার।

পুষ্টিবিদের মতে, বাজারে প্রচলিত গুঁড়ো দুধের চেয়ে ঘরে তৈরি সুষম খাবার বাচ্চার জন্য অনেক বেশি উপযোগী। ছয় মাস পর থেকে চালের খুদ, ডাল, আলু ও শাক-সবজি দিয়ে তৈরি খিচুড়ি জাতীয় পথ্যই শিশুদের জন্য সেরা খাবার।

মায়েদের উদ্দেশে এক সেমিনারে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেন, আল্লাহর দেওয়া মাতৃদুগ্ধের নিয়ামত থেকে যেন মায়েরা তাঁদের সন্তানদের কোনোভাবেই বঞ্চিত না করেন। মা যখন শিশুকে বুকে টেনে নেন, শিশু তখনই তার পরম নিরাপত্তায় কান্না থামায়। তাই কৃত্রিম বিকল্পের দিকে না গিয়ে শিশুদের প্রকৃতির এই স্বাভাবিক উপহার দেওয়া উচিত। হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পুষ্টিহীনতার কারণে শিশুদের শরীর দুর্বল হয়ে পড়ছে। অনেক মা নিজের অপুষ্টির দোহাই দিয়ে শিশুকে দুধ দেওয়া বন্ধ রাখেন, যা একেবারেই অনুচিত। অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণেই পুষ্টিহীনতা বাড়ছে।

কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার তথ্য অনুযায়ী, দেশে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী শিশুদের ৮২ শতাংশই জন্মের পর প্রথম ৬ মাস পর্যাপ্ত মায়ের বুকের দুধ পায়নি। একই সঙ্গে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশই কোনো না কোনো মাত্রার অপুষ্টির স্বীকার ছিল। এর মধ্যে ১২ শতাংশ তীব্র অপুষ্টিতে এবং ৫৩ শতাংশ মাঝারি মাত্রার অপুষ্টিতে ভুগছিল। বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গত ১৯ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত সভায় গবেষণার এ ফলাফল তুলে ধরা হয়। এ বছর মে মাস থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ৩৪১ শিশুর ওপর গবেষণাটি করা হয়েছে। এটি এখনও চলমান রয়েছে।

গবেষণার মূল প্রবন্ধে বলা হয়, হামে আক্রান্ত শিশুদের ৪৩ শতাংশের বয়স ছিল ৩ থেকে ৯ মাসের মধ্যে। আক্রান্তদের ৩৮ শতাংশ জন্মের পর প্রথম ছয় মাস পূর্ণাঙ্গভাবে মায়ের বুকের দুধ পায়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত বুকের দুধ না পাওয়ার হার ছিল আরও বেশি। ৮২ শতাংশ শিশুই প্রথম ৬ মাস মায়ের দুধ খেতে পায়নি।

গবেষণায় আক্রান্ত শিশুদের পুষ্টিগত অবস্থা বিশ্লেষণে দেখা যায়, হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশ অপুষ্টিতে ভুগছিল। তাদের মধ্যে ১২ শতাংশ শিশু তীব্র অপুষ্টি এবং ৫৩ শতাংশ মাঝারি মাত্রার অপুষ্টির স্বীকার ছিল।

গবেষকেরা বয়স ও টিকা নেওয়ার তথ্যের ভিত্তিতে ৩৪১ শিশুকে চারটি দলে ভাগ করে বিশ্লেষণ করেন। নিয়মিত টিকা পাওয়ার বয়স হয়নি এমন ৯ মাসের কম বয়সি ১৪৬ শিশুর মধ্যে ১৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা ৯৭ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে, টিকা নেওয়ার বয়স হওয়ার পরও টিকা না পাওয়া ১২৬ শিশুর মধ্যে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ হার ৯৭ শতাংশ।

এক ডোজ টিকা নেওয়া ৪৮ শিশুর মধ্যে ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা ৯২ শতাংশ। আর সুপারিশকৃত দুই ডোজ টিকা নেওয়া ২১ শিশুর মধ্যে ১৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ হার ৭৬ শতাংশ।

তবে গবেষকেরা স্পষ্ট করে জানিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়া শিশুদের ৭৬ শতাংশ হামে আক্রান্ত হচ্ছেÑগবেষণার এই তথ্যের অর্থ এমন নয়। কারণ গবেষণাটি সাধারণ জনগোষ্ঠীর ওপর পরিচালিত হয়নি; হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হওয়া নির্দিষ্ট শিশুদের ওপরই এটি পরিচালিত হয়েছে। ফলে দুই ডোজ টিকা নেওয়া ২১ সন্দেহভাজন শিশুর মধ্যে ১৬ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার বিষয়টি আলাদাভাবে আরও অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, টিকা নেওয়ার পরও কিছু শিশুর শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা তৈরি না হওয়া, সময়ের সঙ্গে অ্যান্টিবডির সুরক্ষা কমে যাওয়া, অপুষ্টি বা ব্যক্তিভেদে অন্যান্য স্বাস্থ্যগত কারণ সংক্রমণের পেছনে ভূমিকা রাখতে পারে।

গবেষণায় আক্রান্ত শিশুদের শরীরে শনাক্ত হওয়া হাম ভাইরাসের ধরনও বিশ্লেষণ করা হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, শনাক্ত হওয়া সব হাম ভাইরাসই বি৩ সাবক্লেডের অন্তর্ভুক্ত। বিশ্বের অন্যান্য দেশে শনাক্ত হওয়া বি৩ ভাইরাসের সঙ্গেও এসব ভাইরাসের মিল রয়েছে। পাশাপাশি ভাইরাসের এইচ (ঐ) প্রোটিনের অ্যান্টিবডি শনাক্ত করতে পারে এমন এপিটোপ (অ্যান্টিজেনিক নির্ধারক) অঞ্চলে চারটি পরিবর্তন বা মিউটেশন শনাক্ত করেছেন গবেষকেরা।

গত ১৫ নভেম্বর দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৪ জনে। একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৫২৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৪১৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে এক হাজার ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ হাজার ২৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে মোট দুই লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দুই লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চলমান টিকাদান কার্যক্রম সঠিকভাবে চললে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুদিন সময় লাগবে। বর্তমান সরকারের হাতে মৃত্যুর সংখ্যা ও আক্রান্ত যত দ্রুত কমে আসবে, ততই মঙ্গল।

লেখক: প্রধান শিক্ষক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়

সম্পর্কিত খবর

রোহিঙ্গা নিয়ে আইসিজের রায় ও করণীয়

রোহিঙ্গা নিয়ে আইসিজের রায় ও করণীয়

প্রাণিসম্পদ দেশের অর্থনৈতিক সম্ভার

প্রাণিসম্পদ দেশের অর্থনৈতিক সম্ভার

টেকসই পরিবহণব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা

টেকসই পরিবহণব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

রোহিঙ্গা গণহত্যার রায় ও বাংলাদেশের করণীয়

রোহিঙ্গা গণহত্যার রায় ও বাংলাদেশের করণীয়

কিছু দেখা, কিছু ভাবনা এবং কিছু প্রশ্ন

কিছু দেখা, কিছু ভাবনা এবং কিছু প্রশ্ন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম