মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির
asif
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির
রূপকল্প বিনোদন: মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা পাননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে দর্শকদের ভোটে সুইমস্যুট ও ইভনিং গাউন, দুই বিভাগেই সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন বাংলাদেশের এই প্রতিযোগী।
গত শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অর্জনের কথা জানান সামিরা খান মাহি। তিনি জানান, সুইমস্যুট ও ইভনিং গাউন বিভাগে পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। একই আসরে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতিও পেয়েছে দেশ।
আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত মাহি। তার মতে, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের মানুষের সম্মিলিত ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন। পুরো প্রতিযোগিতায় দেশের মানুষের উৎসাহ তাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান তিনি।
মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে পোশাক নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত ধারা থেকে আলাদা ছিলেন মাহি। অন্য প্রতিযোগীদের মতো বিকিনি না পরে তিনি বেছে নেন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক। এর সঙ্গে ছিল পেছনে ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড়। পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থাপনার কারণে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছিলেন বাংলাদেশের প্রতিনিধি।
দর্শকদের ভোটে পাওয়া স্বীকৃতি নিয়ে আরেকটি পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেরে আনন্দিত তিনি। প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে দেশের মানুষের দোয়া, ভালোবাসা ও উৎসাহ পেয়েছেন বলেও উল্লেখ করেন।
মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না হওয়ায় মুকুট জয়ের লড়াইয়ে এগিয়ে যেতে পারেননি মাহি। তবে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় এবং ন্যাশনাল কস্টিউমে প্রথম রানারআপ হওয়া তার এবারের মিস ইউনিভার্স যাত্রায় উল্লেখযোগ্য অর্জন হিসেবে যুক্ত হয়েছে।
দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’
