Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

asif

asif

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ
রূপকল্প বিদেশ : বিশ্বে প্রতিদিন ১০ লাখের বেশি মানুষ নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের অধিকাংশের শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। ফলে অনেকেই সংক্রমণের বিষয়টি বুঝতে পারেন না। অথচ চিকিৎসা না করালে এসব সংক্রমণ থেকে বন্ধ্যত্ব, ক্যানসার ও গর্ভাবস্থায় জটিলতার মতো গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ১৯ নভেম্বর প্রকাশিত এক তথ্যে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে প্রতিদিন বিশ্বজুড়ে ১০ লাখের বেশি নতুন নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণের ঘটনা ঘটছে। এসব সংক্রমণের মধ্যে রয়েছে ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিস। ডব্লিউএইচওর হিসাবে, ২০২০ সালে বিশ্বে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এই চার ধরনের সংক্রমণে নতুন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩৭ কোটি ৪০ লাখ। এর মধ্যে ট্রাইকোমোনিয়াসিসে ১৫ কোটি ৬০ লাখ, ক্ল্যামাইডিয়ায় ১২ কোটি ৯০ লাখ, গনোরিয়ায় ৮ কোটি ২০ লাখ এবং সিফিলিসে ৭১ লাখ মানুষ আক্রান্ত হয়েছিলেন। সিফিলিসের সংক্রমণ পরিস্থিতিও উদ্বেগজনক। ডব্লিউএইচওর হিসাবে, ২০২২ সালে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে সিফিলিসে আক্রান্ত হন। একই বছর বিশ্বে প্রায় ১১ লাখ গর্ভবতী নারী এই সংক্রমণে আক্রান্ত ছিলেন। এর ফলে ৩ লাখ ৯০ হাজারের বেশি ক্ষেত্রে গর্ভাবস্থা ও নবজাতকের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে। যৌনবাহিত সংক্রমণের কারণ ৩০টির বেশি ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী। সাধারণত যোনিপথ, পায়ুপথ ও মুখের মাধ্যমে যৌন সম্পর্কের সময় এসব জীবাণু ছড়াতে পারে। কিছু সংক্রমণ গর্ভাবস্থা, প্রসব বা বুকের দুধ খাওয়ানোর সময় মা থেকে শিশুর শরীরেও ছড়াতে পারে। অনিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমেও কিছু সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে। এসব সংক্রমণের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে যৌনাঙ্গ থেকে অস্বাভাবিক স্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, যৌনাঙ্গে ঘা বা ক্ষত এবং তলপেটে ব্যথা। তবে অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণই দেখা যায় না। ফলে নিজের অজান্তেই সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে। চিকিৎসা না করালে ক্ল্যামাইডিয়া ও গনোরিয়া নারীদের প্রজনন অঙ্গে প্রদাহ এবং বন্ধ্যত্বের কারণ হতে পারে। কিছু সংক্রমণ এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ায়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি জরায়ুমুখের ক্যানসারের অন্যতম প্রধান কারণ। গর্ভাবস্থায় কিছু সংক্রমণ শিশুর জন্মগত জটিলতা, কম ওজন নিয়ে জন্ম কিংবা মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়াতে পারে। তবে সব যৌনবাহিত সংক্রমণ একই ধরনের নয়। ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিসের কার্যকর চিকিৎসা রয়েছে। অন্যদিকে এইচআইভি, হারপিস ও হেপাটাইটিস বি-এর মতো ভাইরাসজনিত সংক্রমণ ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা গেলেও সব ক্ষেত্রে পুরোপুরি নিরাময় করা যায় না। ডব্লিউএইচও বলছে, সংক্রমণ শনাক্ত করতে পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি। বিশেষ করে কোনো লক্ষণ না থাকলেও ঝুঁকিপূর্ণ সংস্পর্শের পর প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানো উচিত। একই সঙ্গে যৌনস্বাস্থ্য নিয়ে সামাজিক লজ্জা ও বৈষম্য দূর করা এবং সহজে পরীক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

 

সম্পর্কিত খবর

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ কমল জ্বালানি তেলের দাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম