Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

asif

asif

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

গাজায় বিমান হামলায় হামাস কর্মকর্তা, স্ত্রী ও দুই সন্তান নিহত

বিশ্ব প্রতিনিধি-: ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, তাঁর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। গত বুধবার ভোরে গাঁজা সিটির পশ্চিমাঞ্চলে একটি অ্যাপার্টমেন্টে চালানো হামলায় তাঁরা প্রাণ হারান। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চিকিৎসাকর্মীরা এ তথ্য জানিয়েছেন। নিহত হামাস কর্মকর্তার নাম মোহাম্মদ আবুলুফ। তিনি হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের একজন কর্নেল ছিলেন। গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি হামলায় হামাসের দ্বিতীয় কোনো জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা এটি। এক বছর আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির দাবি, এসব হামলার লক্ষ্য হামাসের সামরিক ও সশস্ত্র সদস্যরা। তবে এসব হামলায় বহু বেসামরিক মানুষও প্রাণ হারাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ঘোষিত বৃহত্তর যুদ্ধবিরতি পরিকল্পনাও সহিংসতা বন্ধ করতে কিংবা হামাসকে নিরস্ত্র করতে পারেনি। চিকিৎসাকর্মীরা জানান, গত বুধবার ভোরে গাঁজা সিটির পশ্চিম উপকূলের কাছে বিচ শরণার্থীশিবিরে আবুলুফের অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালানো হয়। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিহত হন। একই দিন সকালে গাঁজা সিটির উত্তরাঞ্চলের কারামা এলাকায় আরেকটি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। হামলার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গাজায় ‘বেশ কয়েকজন সামরিক অভিযানে জড়িত ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করে তারা। এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নাঈম আবু নাহেল নিহত হন। এ ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাঁর দেশের ‘দীর্ঘ হাত’ থেকে হামাসের পালানোর কোনো সুযোগ নেই। আবু নাহেল যে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ পরিচালনা করতেন, আবুলুফও ছিলেন সেই বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। হামাসের এই বিভাগ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার সন্দেহে থাকা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন পরিকল্পনা ও তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের দেওয়া হিসাবের বরাতে এ তথ্য জানা গেছে। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলি সেনাদের হাতে। যুদ্ধবিরতি কার্যকরের সময় তারা গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণ করত। অন্যদিকে গাজার উপকূলসংলগ্ন একটি ছোট অংশের নিয়ন্ত্রণ রয়েছে হামাসের হাতে। ২০২৩ সালে শুরু হওয়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ অভিযানে উপত্যকাটিতে ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে, বাস্তুচ্যুত হয়েছেন গাজার প্রায় পুরো জনগোষ্ঠী। বিভিন্ন গবেষক ও জাতিসংঘের তদন্তেও ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ও মূল্যায়ন উঠে এসেছে। তবে ইসরায়েল দাবি করে আসছে, আত্মরক্ষার অংশ হিসেবেই তারা গাজায় সামরিক অভিযান চালাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের ইসরায়েলে হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫০ জনের বেশি জিম্মি হওয়ার ঘটনার পর এ অভিযান শুরু করে দেশটি।

সম্পর্কিত খবর

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছে ১৫-৪৯ বছর বয়সী লাখো মানুষ

বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ কমল জ্বালানি তেলের দাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম