অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালেই দৌড় থামল বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের। প্রথম আসরে ফাইনাল খেলা দলটি গত বছর টেবিলের ৯ নম্বর দল হিসেবে বিদায় নেয়। এবার সম্ভাবনা জাগালেও ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে হেরেছে শামিম পাটোয়ারি ও সাব্বির রহমানরা। আসরের প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে বাংলাদেশ এইচপি ১ উইকেটে হেরেছে। ডারউইনের গার্ডেন ওভালে টস হেরে আগে ব্যাট করতে নামে ইরফান শুক্কুর নেতৃত্বাধীন দল। বাংলাদেশ এইচপির অধিনায়ক হিসেবে টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে যাওয়া এই উইকেটরক্ষক ব্যাটার ৬ ম্যাচের ৪টিতেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। যথারীতি ব্যর্থ ছিলেন সেমিফাইনালেও (গোল্ডেন ডাক)। জিসান আলমের ৩০ ও আরিফুল ইসলামের ১৯ রানের পর ১৭.১ ওভারেই অলআউট হওয়া বাংলাদেশ এইচপি টেনেটুনে একশ (১০১) পেরোয়। এর আগে অবশ্য ঝোড়ো শুরুর ইঙ্গিত দিচ্ছিল এইচপি। ২.৪ ওভারে ২৬ রান তুলতেই ওপেনার হাবিবুর রহমান সোহান আউট হন মাত্র ৩ রান করে। জিসান-আরিফুল ধাক্কা সামলানোর চেষ্টা চালালেও সফল হননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ এইচপি। জিসান-আরিফুল ছাড়া দুই অঙ্কের ঘরে গিয়েছেন আবদুল গাফফার সাকলাইন (১৬ বলে ১০) ও আবু হায়দার রনি (১৮ বলে ১২)। চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাব্বির রহমান, শামিম পাটোয়ারি ও ইরফান শুক্কুর। ফলে নির্ধারিত ২০ ওভারও শেষ করতে পারেনি ২০২৪ সালের রানার্সআপরা। ১০১ রানেই তারা অলআউট। অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির পক্ষে উইল সাদারল্যান্ড সর্বোচ্চ ৪ এবং তিন বোলার ২টি করে উইকেট নিয়েছেন। লক্ষ্য তাড়ায় নেমে স্বাগতিক ঘরোয়া প্রতিযোগিতার দলটি ১ রানেই প্রথম উইকেট হারায়। ভিক্টোরিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারালেও, ছোট ছোট ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। তবে শেষদিকে তারা হারের শঙ্কায় পড়ে। বাংলাদেশের রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের ঘূর্ণি সম্ভাবনা জাগালেও অল্পের জন্য ম্যাচ হাতছাড়া হয়ে যায়। ২ বল বাকি থাকতেই ১ উইকেটে জয় তুলে নেয় ভিক্টোরিয়া। ফাইনালে ওঠা দলটির পক্ষে ক্যাম্পবেল ক্যালাওয়ে সর্বোচ্চ ২৩ রান করেন। বিপরীতে রুবেল ৩ ও শামিম পাটোয়ারি ২ উইকেট শিকার করেন।
