বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মালয়েশিয়াকে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে ২০২২ সালের চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে একবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মালয়েশিয়া। সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ২ রানে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছিল। সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফর করে এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে একটি সিরিজ খেলেছে। তবে নিশিনে ওমানের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচটি হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে মালয়েশিয়া। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি শেষ আটে জায়গা নিশ্চিত করেছিল। বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচও বৃষ্টি পরিত্যক্ত হলে, সেমিফাইনালে উঠবে টাইগাররা। মালয়েশিয়ার ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, বৃষ্টিতে খেলা না হলে কিছু করার থাকবে না। আগেই বলেছি, বৃষ্টির উপর কারও হাত নেই। পদক নিয়ে এখনই না ভেবে প্রথম ম্যাচের দিকে তাকিয়ে লিটন। তিনি বলেন, দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে- ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পাবো কিনা, সেটা পরের বিষয়। তবে কালকের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপতত ঐ ম্যাচের দিকে আমরা মনোযোগ দিচ্ছি। অধিনায়ক লিটনের মতো মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন এবারের গেমসে বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, আমার মনে হয়, আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল প্রেসার ম্যাচ, কারণ এটা নকআউট স্টেজ। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই। ইনশাআল্লাহ ভালো করব।
