Logo
Logo
×

সম্পাদকীয়

চাঁদাবাজিরর বিরুদ্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ

asif

asif

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

চাঁদাবাজিরর বিরুদ্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ

দেশে চাঁদাবাজির ঘটনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসাপ্রতিষ্ঠান, নির্মাণকাজ, পরিবহণ খাত থেকে শুরু করে ব্যক্তিগত সম্পত্তি নিয়েও চাঁদা দাবির অভিযোগ সামনে আসছে। কোথাও মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে, কোথাও চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। রাজধানীতে চাঁদাবাজির চিত্রও বেশ উদ্বেগজনক। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাজধানীর ৫০টি থানার মধ্যে ৪৯টিতে চাঁদাবাজির অভিযোগে ৭২৩টি মামলা হয়েছে। এসব মামলার তদন্তে প্রায় ৮৫ শতাংশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চাঁদাবাজির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, নির্মাণকাজের সঙ্গে জড়িত মানুষ এবং সাধারণ সম্পত্তির মালিকেরা। অনেকেই ব্যাবসা চালু রাখা বা নিরাপত্তার কথা ভেবে বাধ্য হয়ে চাঁদা দেন। আবার কেউ অভিযোগ করলে পরবর্তী সময়ে হামলা বা হয়রানির স্বীকার হওয়ার আশঙ্কায় মুখ খুলতে চান না। ফলে অনেক ঘটনা প্রকাশ্যে আসে না। এ ছাড়া রাজনৈতিক পরিচয়, প্রভাবশালী মহলের আশ্রয় কিংবা স্থানীয় ক্ষমতার অপব্যবহার অপরাধীদের সাহস জোগাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে গ্রেপ্তারের পর দ্রুত জামিনে বেরিয়ে এসে আবার একই অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে। চাঁদাবাজি বন্ধে তাই শুধু অভিযান চালিয়ে গ্রেপ্তার করলেই হবে না। প্রতিটি অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা ভয় ছাড়াই অভিযোগ জানাতে পারেন। চাঁদাবাজির মাধ্যমে আদায় করা অর্থ ও অপরাধে ব্যবহৃত সম্পদের উৎস অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহণ টার্মিনাল, বাজার ও নির্মাণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি বাড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যেন ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় বিবেচনায় সীমাবদ্ধ না থাকে, সেটিও নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি মানুষের স্বাভাবিক জীবনযাপন, ব্যাবসা-বাণিজ্য ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এ অপরাধ নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো এবং অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক আশ্রয় বন্ধ করতে হবে। অপরাধীর পরিচয় যা-ই হোক, তার বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে বিচ্ছিন্ন অভিযান নয়, ধারাবাহিক নজরদারি, জবাবদিহি ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার বিকল্প নেই।

সম্পর্কিত খবর

ঢাকার আকাশজুড়ে তারের জঞ্জাল

ঢাকার আকাশজুড়ে তারের জঞ্জাল

কৃত্রিম বুদ্ধিমত্তার কালো অধ্যায় সম্পর্কে সচেতন হতে হবে

কৃত্রিম বুদ্ধিমত্তার কালো অধ্যায় সম্পর্কে সচেতন হতে হবে

বিচার নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে

বিচার নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে

উচ্ছেদ নয়, প্রয়োজন স্থায়ী ও কার্যকর ব্যবস্থাপনা ফুটপাতের হকারদের সঙ্গে চোর-পুলিশ খেলা বন্ধ করতে হবে

উচ্ছেদ নয়, প্রয়োজন স্থায়ী ও কার্যকর ব্যবস্থাপনা ফুটপাতের হকারদের সঙ্গে চোর-পুলিশ খেলা বন্ধ করতে হবে

অপারেটর নয়, আগে ভাবতে হবে গ্রাহকের স্বার্থ

অপারেটর নয়, আগে ভাবতে হবে গ্রাহকের স্বার্থ

বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ হোক

বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ হোক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম