২ বিলিয়নের ক্লাবে প্রবেশ করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
asif
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম
প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েই যাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির তৃতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে রাজত্ব চালাচ্ছে এই সিনেমা। বিশ^ব্যাপী সিনেমাটির আয় এখন ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৪,৫০০ কোটি টাকা) ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-কে পেছনে ফেলে সনি পিকচার্সের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার খেতাব অর্জন করেছে এটি। হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার বক্স অফিসে টানা তৃতীয় সপ্তাহের মতো শীর্ষস্থান ধরে রেখেছে এটি। তৃতীয় উইকেন্ডে সিনেমাটি আয় করেছে ৭ কোটি (৭০ মিলিয়ন) ডলার। বক্স অফিসের ইতিহাসে এটি তৃতীয় সপ্তাহে আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়াও টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম ১৭ দিনেই উত্তর আমেরিকায় আয় করেছে ৭৮ কোটি ৫৮ লাখ ডলার। জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ (৭৮ কোটি ৫২ লাখ ডলার)-কে টপকে উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে এটি। বর্তমানে সিনেমাটির সারা বিশে^র মোট আয় ২.০২২ বিলিয়ন ডলার। উল্লেখ্য, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর দ্বিতীয় দ্রুততম সিনেমা হিসেবে বিশ^ব্যাপী ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। চলচ্চিত্রের ইতিহাসে এই বিরল সম্মান অর্জনকারী অষ্টম সিনেমা এটি।
