বলিউড অভিনেতা অজয় দেবগণের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন মাইলফলক। ‘দৃশ্যম ৩’ সিনেমার সাফল্যে প্রথমবারের মতো ৫০০ কোটি রুপির ক্লাবে নাম লেখালেন এই অভিনেতা। মুক্তির মাত্র ১২ দিনেই বিশ^ব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি। দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও দাপট দেখাচ্ছে ছবিটি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১২ দিনে শুধু ভারতেই ‘দৃশ্যম ৩’ আয় করেছে ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি। বাকি আয় এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। ১০০ থেকে ১২০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটির এমন সাফল্যকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে ব্লকবাস্টার তকমা পেয়েছে ছবিটি। চলতি বছরে বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দৃশ্যম ৩’। তবে পূজা উপলক্ষে একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় বক্স অফিসে এর আয়ের গতি কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিষেক পাঠকের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওজ ও স্টার স্টুডিও ১৮। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর পরবর্তী কিস্তি এটি। আগের ছবিগুলোর তুলনায় এবারের সিনেমার অন্যতম বৈশিষ্ট্য হলো, এর গল্প মৌলিক। মালয়ালম সংস্করণের গল্পের সঙ্গে এর কাহিনির কোনো যোগসূত্র নেই। ‘দৃশ্যম ৩’-তে অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্তসহ আরও অনেকে। সিনেমাটির বাণিজ্যিক সাফল্য অজয়ের দীর্ঘ অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করেছে।
