Logo
Logo
×

বিনোদন

আইনি নোটিশ পেলেন অনন্ত জলিল

asif

asif

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

আইনি নোটিশ পেলেন অনন্ত জলিল

আইনি নোটিশ পেলেন অনন্ত জলিল
রুপালি পর্দায় গ্ল্যামার ও অ্যাকশন হিরোর পরিচিত মুখ এমএ জলিল অনন্ত। তবে চলচ্চিত্রের বাইরের ব্যবসায়িক জীবনে এখন কঠিন সময় পার করছেন এই ঢালিউড তারকা। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় সংকটে পড়েছে তার ব্যবসাপ্রতিষ্ঠান। একের পর এক কারখানা বন্ধ হয়ে বেকার হয়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। গ্যাস বিল বকেয়া ও চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ব্যাবসা সচল রাখতে নানা উদ্যোগ নিয়েও সফল হননি অনন্ত। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টাও কাজে আসেনি। এরই মধ্যে ঋণের টাকা আদায়ে আইনি নোটিশ পেয়েছেন অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) কাছে এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ বাবদ তাদের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। ব্যাংকের তথ্যমতে, ২০২৪ সালের আগস্টে ঋণ পুনঃতফসিল করা হলেও পরবর্তী সময়ে দেওয়া একটি চেক গত ২ নভেম্বর পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়। নোটিশে ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এই সংকটের কারণ ব্যাখ্যা করে অনন্ত জলিল জানিয়েছেন, করোনাকালে কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত দিতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। পরে সেই ঋণের সুদ বাড়তে থাকায় দেনার পরিমাণও বেড়েছে। বৈশ্বিক মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতিকে ব্যবসায়িক সংকটের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, ব্যাংকের আন্তরিক সহযোগিতা ছাড়া এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। ব্যাবসা বাঁচাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন অনন্ত। কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও একাধিকবার বৈঠক করেছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত আশানুরূপ কোনো সাড়া মেলেনি। চলচ্চিত্রে বেশি সময় দেওয়ার কারণে ব্যবসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অনন্ত জলিল। পর্দার অ্যাকশন হিরোকে এখন বাস্তব জীবনে বড় ধরনের আর্থিক ও আইনি সংকট মোকাবিলা করতে হচ্ছে।

সম্পর্কিত খবর

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম