Logo
Logo
×

সম্পাদকীয়

অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন রাজধানীর যানজট কমবে কি?

asif

asif

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ পিএম

অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন রাজধানীর যানজট কমবে কি?

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার বাস চলাচলের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই টার্মিনাল চালু হলে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের চাপ কমবে এবং নগরজীবনে ইতিবাচক প্রভাব পড়বে। গত সোমবার সকাল সাড়ে ৯টায় টার্মিনালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর যানজট নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সভায় গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথ ও অভ্যন্তরীণ সড়কগুলোতে দূরপাল্লার বাস চলাচল যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। বিশেষ করে গাবতলী, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী অঞ্চলে দূরপাল্লার পরিবহনের চাপের কারণে রাজধানীর সড়কগুলোতে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। নতুন পরিকল্পনার আওতায় দক্ষিণাঞ্চলগামী বাসগুলো রাজধানীর কেন্দ্রীয় অংশে প্রবেশ না করে চুনকুটিয়া থেকে যাত্রী পরিবহন কার্যক্রম পরিচালনা করবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে দক্ষিণবঙ্গের ১৯টি জেলার বাস এই অস্থায়ী টার্মিনাল থেকে নিয়মিত চলাচল শুরু করবে। এর ফলে রাজধানীর অভ্যন্তরে দূরপাল্লার বাসের সংখ্যা কমবে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পরিবহন বিশেষজ্ঞদের মতে, শুধু নতুন টার্মিনাল নির্মাণ করলেই যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে না। টার্মিনালটির সঙ্গে পর্যাপ্ত গণপরিবহন সংযোগ, যাত্রী পরিবহনের বিকল্প ব্যবস্থা, নিরাপদ পারাপার ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে হবে। অন্যথায় যাত্রীদের জন্য নতুন ভোগান্তিও তৈরি হতে পারে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, রাজধানীর যানজট কমানোর জন্য একক কোনো পদক্ষেপ যথেষ্ট নয়; সিটি করপোরেশন, রাজউক, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ এবং পুলিশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চুনকুটিয়ার টার্মিনাল সেই বৃহত্তর পরিকল্পনার একটি অংশ মাত্র। তাই এই উদ্যোগের প্রকৃত সুফল কতটা পাওয়া যায়, তা নির্ভর করবে বাস্তবায়ন, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর।
 

সম্পর্কিত খবর

সংকটময় অর্থনীতি ঋণনির্ভরতা আর কত দিন?

সংকটময় অর্থনীতি ঋণনির্ভরতা আর কত দিন?

বিদেশে চাকরির স্বপ্ন দেশে প্রতারণার ফাঁদ

বিদেশে চাকরির স্বপ্ন দেশে প্রতারণার ফাঁদ

অবৈধ অস্ত্রের বিস্তার কঠোর হাতে দমন করুন

অবৈধ অস্ত্রের বিস্তার কঠোর হাতে দমন করুন

নকল দুধের কারবার ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জরুরি

নকল দুধের কারবার ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জরুরি

২২ ব্যাংক লোকসানে: সংকটের দায় নেবে কে?

২২ ব্যাংক লোকসানে: সংকটের দায় নেবে কে?

এলপিজি সংকট বাজারে কার স্বার্থ রক্ষা হচ্ছে?

এলপিজি সংকট বাজারে কার স্বার্থ রক্ষা হচ্ছে?

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম