দেশের আবাসন খাতকে বাঁচাতে হবে
একটি দেশের অর্থনীতির অগ্রগতি শুধু বড় শিল্পকারখানা কিংবা রপ্তানি খাতের ওপর নির্ভর করে না; এর সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে আবাসনসহ বিভিন্ন সহযোগী শিল্পের কার্যক্রম। আবাসন খাতে বিনিয়োগ, নির্মাণকাজ ও ফ্ল্যাট বিক্রির গতি কমে গেলে তার প্রভাব ছড়িয়ে পড়ে রড, সিমেন্ট, সিরামিক, রং, কাচ, বৈদ্যুতিক সরঞ্জামসহ অসংখ্য শিল্পে। একই সঙ্গে ঝুঁকিতে পড়ে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও জীবিকা। এ কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে আবাসন খাতকে সুরক্ষা দেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের বিশিষ্টজনেরা। বাসস্থান মানুষের অন্যতম মৌলিক চাহিদা। নিজের সামর্থ্যের মধ্যে একটি স্থায়ী আবাস গড়ে তোলার স্বপ্ন দেখেন প্রায় সবাই। মানুষের এই চাহিদা পূরণে আবাসন প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু নানা প্রতিকূলতায় বর্তমানে এ খাতের কার্যক্রম বাধাগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব শুধু আবাসন ব্যবসায় সীমাবদ্ধ থাকে না; বরং অর্থনীতির সঙ্গে যুক্ত অন্যান্য খাতেও ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের মতে, রিয়েল এস্টেট বা আবাসন খাতকে কেবল ভবন নির্মাণ কিংবা ফ্ল্যাট কেনাবেচার ব্যাবসা হিসেবে দেখার সুযোগ নেই। জাতীয় অর্থনীতির বিভিন্ন শিল্পের সঙ্গে এ খাতের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই আবাসন খাতের সংকট মোকাবিলা এবং এর কার্যক্রম স্বাভাবিক রাখতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সম্প্রতি আবাসন খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা বাড়ছে। অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত, অভ্যন্তরীণ বাজারে চাহিদা বজায় রাখা, শিল্প উৎপাদন সচল রাখা এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করার ক্ষেত্রে আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে আড়াই শতাধিক সহযোগী ও উপশিল্প। ফলে এ খাতে নির্মাণকাজের গতি কমে গেলে একসঙ্গে অনেক শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এর মধ্যে রয়েছে রড, সিমেন্ট, ইট, পাথর, বালি এবং সিরামিক ও টাইল্স উৎপাদনকারী প্রতিষ্ঠান। পাশাপাশি ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জা ও নির্মাণের শেষ পর্যায়ের কাজে ব্যবহৃত রং, কাচ ও অ্যালুমিনিয়াম শিল্পও আবাসন খাতের ওপর নির্ভরশীল। এ ছাড়া বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, আলোকসজ্জার সরঞ্জাম, পাইপ এবং স্যানিটারি ফিটিংস উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসার সঙ্গেও এ খাতের সরাসরি সম্পর্ক রয়েছে। আমড়া আশা করি, সরকার ও নীতিনির্ধারক মহল বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আবাসন খাতের প্রসারে সময়োপযোগী ও ব্যবসাবান্ধব পদক্ষেপ গ্রহণ করবে
