চিকিৎসা খাতকে সংস্কার করুন
আমাদের চিকিৎসাব্যবস্থার করুণ দশা নতুন কিছু নয়। দেশে অন্ধত্বের প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই ছানি দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ ছানি অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন। এই বিপুলসংখ্যক রোগীর বিপরীতে ছানি অস্ত্রোপচারে দক্ষ সার্জনের সংখ্যা মাত্র দুই হাজার ২০০। ফলে চিকিৎসাযোগ্য এই রোগ দীর্ঘদিন ধরে দেশের বিপুলসংখ্যক মানুষের দৃষ্টিহীনতার কারণ হয়ে আছে। দেশের আট জেলায় ২১ হাজার ৫৯৬ জনের ওপর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ছানি অস্ত্রোপচারের হার পুরুষদের মধ্যে ৭৬ দশমিক ৬ শতাংশ হলেও নারীদের ক্ষেত্রে তা ৬৪ দশমিক ৩ শতাংশ। জাতীয় অন্ধত্ব জরিপ-২০২০ অনুযায়ী, দেশে ৩০ বছর ও এর বেশি বয়সী মানুষের মধ্যে অন্ধত্বের হার প্রায় ১ শতাংশ। এ বয়সী জনগোষ্ঠীর প্রতি ১০০ জনের প্রায় পাঁচজন কোনো না কোনো মাত্রার দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। আনুমানিক সাত লাখ ৫২ হাজার ৭৭৩ জন অন্ধত্ব নিয়ে বসবাস করছেন। এর মধ্যে ছানিজনিত অন্ধত্বে আক্রান্ত মানুষের সংখ্যা পাঁচ লাখের বেশি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন তিন থেকে চার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। ২৫০ শয্যার জনবল কাঠামো দিয়ে এত বিপুল রোগীর চাপ সামলাতে প্রতিষ্ঠানটিকে হিমশিম খেতে হয়। হাসপাতালে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৩০ জনের ছানি অস্ত্রোপচার করা হয়। প্রয়োজনীয় লেন্সও বিনামূল্যে দেওয়া হয়। বিশেষজ্ঞদের হিসাবে, দেশে নিবন্ধিত চক্ষু বিশেষজ্ঞের সংখ্যা দুই হাজারের বেশি হলেও ছানি অস্ত্রোপচারে সক্রিয় ও অভিজ্ঞ সার্জনের সংখ্যা ৪০০ থেকে ৮০০। অপেক্ষমাণ রোগীর হিসাবে গড়ে ৮৩৩ জনের বিপরীতে রয়েছেন একজন দক্ষ সার্জন। এর মধ্যে প্রতিবছর নতুন করে ছানির রোগী যুক্ত হচ্ছেন এক লাখের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সার্জনের ঘাটতির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছাতে না পারা, রোগী শনাক্তকরণে দুর্বলতা, সচেতনতার অভাব এবং নারী-পুরুষের চিকিৎসা পাওয়ার বৈষম্যও ছানি চিকিৎসার পথে বড় বাধা। সরকার আগামী পাঁচ বছরে ছানি অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীদের চিকিৎসার আওতায় আনার পরিকল্পনা করছে। সরকারি, বেসরকারি ও এনজিও খাতের সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিবছর অতিরিক্ত দুই লাখের বেশি অস্ত্রোপচার করার লক্ষ্য নেওয়া হয়েছে। আমড়া আশা করি, সরকারের এই পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হোক।
