Logo
Logo
×

জাতীয়

গণপরিবহন থেকে অর্থ আদায় বন্ধ হলে ভাড়া বাড়াতে হবে না: এবিসি

asif

asif

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

গণপরিবহন থেকে অর্থ আদায় বন্ধ হলে ভাড়া বাড়াতে হবে না: এবিসি

নিজস্ব প্রতিনিধি - গেট পাসের নামে গণপরিবহন থেকে অর্থ আদায় বন্ধ করা গেলে জ্বালানি তেলের দাম বাড়লেও দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না। এমন দাবি করেছে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিস (এবিসি)। সংগঠনটির দাবি, বর্তমানে প্রতিটি দূরপাল্লার বাস থেকে প্রতিদিন ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত গেট পাস বা ‘জিপি’র নামে অর্থ আদায় করা হচ্ছে। গতকাল শনিবার এবিসির প্রেসিডেন্ট খন্দকার রফিকুল হোসেন কাজল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ‘বাস ভাড়া ও তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিস-এর প্রতিক্রিয়া’ শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে পরিবহন খাতের বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি ও দখল নিয়ে সংগঠনটির বক্তব্য তুলে ধরা হয়। সংগঠনটির ভাষ্য, একসময় ‘জিপি’ বলতে স্টেশন থেকে বাস ছাড়ার তথ্যসংবলিত একটি গেট পাসকে বোঝানো হতো। এ কাজে সংশ্লিষ্ট ক্লার্ক বা সুপারভাইজারকে সামান্য অর্থ দেওয়া হতো। তবে বর্তমানে এটি চাঁদাবাজির একটি পদ্ধতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে এবিসি। বাস মালিক ও শ্রমিকদের অনেকে এই অর্থকে ‘বোবা চাঁদা’ নামে অভিহিত করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এবিসির দাবি, একটি বাস থেকে প্রতিদিন ৫ থেকে ১৫ হাজার টাকা জিপির নামে নেওয়া হলে তা পরিবহন পরিচালনার ব্যয়ে উল্লেখযোগ্য চাপ তৈরি করে। এই অর্থ আদায় বন্ধ করা গেলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত অতিরিক্ত ব্যয়ের চাপ কমবে এবং বাসভাড়া বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। বরং ভাড়া কমানোর সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে সংগঠনটি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে এবিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের দাম যে হারে বাড়ানো হয়, সেই অনুযায়ী যৌক্তিক হারে ভাড়া সমন্বয় করা না হলে গণপরিবহন পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। সংগঠনটির অভিযোগ, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে তা মানুষ মেনে নিলেও গণপরিবহনের ভাড়া বাড়ানোর ক্ষেত্রে অনেক সময় বাস ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এবিসি আরও বলেছে, বিশ্বের বিভিন্ন দেশে নগর গণপরিবহনে সরকারি ভর্তুকির ব্যবস্থা থাকলেও বাংলাদেশে দীর্ঘসময়েও এ ধরনের নীতি কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। জিপির নামে অর্থ আদায় ও পরিবহন খাতের দখল নিয়েও বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে। এবিসির দাবি, যারা জিপি বা কথিত চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন এবং এর সুবিধা ভোগ করছেন, তাদের একটি অংশ রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের সঙ্গে সংশ্লিষ্ট। সংগঠনটি আরও অভিযোগ করেছে, সরকার পরিবর্তনের পরও পরিবহন খাতে চাঁদাবাজি ও দখলের ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তবে বিজ্ঞপ্তিতে এসব অভিযোগের পক্ষে নির্দিষ্ট কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীন যাচাইও সম্ভব হয়নি। এবিসির মতে, সরকার উদ্যোগী হলে জিপির নামে অর্থ আদায় বন্ধ করা কঠিন নয়। সংগঠনটির দাবি, এ ব্যবস্থা বন্ধ হলে বাস মালিক ও শ্রমিকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ নেই। পরিবহন মালিকদের সংগঠনটি মনে করে, সরকারের সহযোগিতা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। একইসঙ্গে ঢাকা শহরের যানজট ও পরিবহন ব্যবস্থার বিশৃঙ্খলা কমানোও সম্ভব বলে মনে করে তারা। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না বলেও বিজ্ঞপ্তিতে দাবি করেছে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিস।

 

সম্পর্কিত খবর

জাতিসংঘ সফর শেষে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী

রংপুরে ছেলের ছুুুরিকাঘাতে বাবার মৃত্যু

রংপুরে ছেলের ছুুুরিকাঘাতে বাবার মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮ রোগী

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮ রোগী

সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম