রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা
asif
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
নিজস্ব প্রতিনিধি-: রাজধানীর ওয়ারীতে একটি মুরগিকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বাবা ও ছেলের হামলায় নাঈমুর রহমান (২৬) নামে এক হোটেলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় হোটেলের সিনিয়র স্টাফ আব্দুর রাজ্জাকসহ ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে ওয়ারী থানার ওসি মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে জয়কালী মন্দির এলাকায় একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলের পাশেই কাপ্তান বাজারের মুরগির আড়ত থেকে একটি মুরগি ছুটে ওই হোটেলে প্রবেশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে মুরগি বিক্রেতার সঙ্গে হোটেলকর্মীদের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ওই মুরগি বিক্রেতা ও তার ছেলে হোটেলে ঢুকে কর্মচারীদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তিনি আরও জানান, আহত কয়েকজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে হোটেলকর্মী নাঈমুর রহমান মারা যান। ওসি মফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
