Logo
Logo
×

জাতীয়

শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না

asif

asif

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না

নিজস্ব প্রতিনিধি-: শীতের সবজি আসতে শুরু করলেও বাজারে স্বস্তি ফিরছে না। বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়েছে সবজির দাম। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় মুরগি ও হাঁসের ডিমের দাম বেড়েছে। তবে কিছুটা কমেছে মুরগির মাংসের দাম। এ ছাড়া দেশি রসুনের দাম বাড়লেও কমেছে চায়না আদা ও রসুনের দাম। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর কম, বরং বাড়তি দামের চাপই বেশি। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে এমন চিত্র দেখা যায়। বাজারে প্রতি কে.জি. দেশি টম্যাটো ১৫০ টাকা, ভারতীয় টম্যাটো ১৮০ টাকা, কাঁচা টম্যাটো ৮০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৪০ টাকা, দেশি নতুন আলু ১৪০ টাকা এবং ভারতীয় নতুন আলু ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কে.জি. লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা এবং কালো গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শিম (মানভেদে) ১০০-১২০ টাকা, দেশি শসা ১০০ টাকা, উচ্ছে ১১০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০-১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৫০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, এবং শালগম ৬০ টাকা কে.জি. দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, প্রতি কে.জি. কাঁচা মরিচ ৮০-১০০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চালকুমড়া ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা এবং বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ৫০ টাকা এবং লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির দাম বেড়ে যাওয়া নিয়ে সবজি বিক্রেতা মো. শাহ আলম বলেন, বৃষ্টি হওয়াতে সবজির দাম একটু বেড়েছে। তবে এটা কমে যাবে। ফসলে অনেক ক্ষতি হয়েছে বৃষ্টিতে। তাই এখন এমন দাম। আরেক বিক্রেতা মো. সোহেল বলেন, এখন দাম কম থাকার কথা, কারণ শীতের সবজি চলে এসেছে। কিন্তু বৃষ্টি ঝামেলা করে ফেলেছে। মাল পচে গিয়েছে অনেক। আমড়া ১৩০টা ফুলকপি এনেছিলাম। এরমধ্যে ২০টাই পচে গেছে। এখন আমড়া কী করবো। ওগুলোর দাম আমাদের উঠাতে হবে। তাই দাম বাড়তি আছে। শুধু ফুলকপি না। সব সবজিরই একই অবস্থা। তবে কিছুদিন পরে এটা কমে যাবে আবার। এদিকে বাজার করতে আসা সাইদুর রহমান বলেন, সবজির দামতো কমেই না, উল্টা বাড়ে। এখন বাজার করতে আসলে বুঝি না কী কিনবো আর কী কিনবো না। কারণ সবকিছুর দামই বেশি। আমার মনে হয়, আমার মতো যারা নির্দিষ্ট ইনকামের মানুষ আছে তাদের সবারই একই অবস্থা। বাজারে কিছু ধরতে গেলেই অটোম্যাটিক মাথায় চলে আসে, পকেটে কত টাকা আছে। বাজারে ক্রস জাতের পেঁয়াজ আকার ও মানভেদে ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাল ও সাদা আলুর দাম কেজিপ্রতি ২৫ টাকা। বগুড়ার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে, দেশি রসুন ১১০-১২০ টাকা, চায়না রসুন ১৫০-১৬০ টাকা এবং চায়না আদা ১২০-১৪০ টাকা কে.জি. দরে বিক্রি হচ্ছে। দেখা গেছে, বাজারে দেশি রসুনের দাম বেড়েছে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা। অপরদিকে চায়না রসুনের দাম কমেছে কে.জি. প্রতি ১০ থেকে ২০ টাকা। আর চায়না আদার দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। বাজারে সব ধরনের ডিমের দাম বেড়েছে। মুরগির লাল ও সাদা ডিমের দাম ডজনে বেড়েছে ৫ থেকে ১০ টাকা এবং হাঁসের ডিমের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। অপরদিকে দেশি মুরগি বাদে সব ধরনের মুরগির মাংসের দাম কমেছে কেজিতে ৭ থেকে ২০ টাকা পর্যন্ত। বাজারে মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ২০০-২১০ টাকা। অন্যদিকে, প্রতি কে.জি. ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা, কক মুরগি ২৮০-৩০০ টাকা, লেয়ার মুরগি ২৮৭-২৯০ টাকা এবং দেশি মুরগি ৬২০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা। এদিকে, মাছের বাজারেও রয়েছে দামের ভিন্নতা। আকার ও ওজন অনুযায়ী প্রতি কে.জি. ইলিশ মাছ ১০০০-২৬০০ টাকা, রুই মাছ ৪০০-৭০০ টাকা এবং কাতল মাছ ৩৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। কালিবাউশ মাছ ৫০০-৮০০ টাকা, চিংড়ি মাছ ৭০০-১৬০০ টাকা, কাঁচকি মাছ ৫০০-৬০০ টাকা এবং কই মাছ বিক্রি হচ্ছে ২২০-২৫০ টাকা কে.জি. দরে। এ ছাড়া প্রতি কে.জি. পাবদা মাছ ৪০০-৬০০ টাকা, বাতাসি মাছ ১৪০০-১৬০০ টাকা, কাজলি মাছ ১২০০-১৬০০ টাকা, শিং মাছ ৪০০-১২০০ টাকা, ট্যাংরা মাছ ৬০০-১০০০ টাকা, মেনি মাছ ৫০০-৮০০ টাকা, বোয়াল মাছ ৬০০-১২০০ টাকা এবং রূপচাঁদা মাছ ১২০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মুদি দোকানের পণ্যের দামে কোনো পরিবর্তন আসেনি। এখনও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে উচ্চ দামেই। তবে প্রতি কেজিতে লবঙ্গের দাম ১৫০ টাকা এবং জিরার দাম ১৪০ টাকা বেড়েছে। প্রতি কে.জি. প্যাকেটজাত পোলাওয়ের চাল ২৩০ টাকা এবং খোলা পোলাওয়ের চাল মানভেদে ১৬০ থেকে ১৬৫-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট মসুর ডাল প্রতি কে.জি. ১৪০ থেকে ১৫০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারির ডাল ৮৫ টাকা, বুটের ডাল ১২০ টাকা, ছোলা ১২০ টাকা এবং মাষকলাইয়ের ডাল ২০০ টাকা কে.জি. দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি কে.জি. ২০৫ টাকা এবং খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকায় বিক্রি হচ্ছে। কৌটাজাত ও খোলা ঘি প্রতি কে.জি. ১ হাজার ৪০০ টাকা, প্যাকেটজাত ও খোলা চিনি ১১০ টাকা কে.জি., দুই কেজির প্যাকেট ময়দা ১৭০ টাকা এবং দুই কেজির প্যাকেট আটা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। মসলার মধ্যে প্রতি কে.জি. এলাচ ৫ হাজার ৪০০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১৫৫০টাকা, সাদা গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, কালো গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, জিরা ৬৪০ টাকা, কাজুবাদাম ১ হাজার ৪০০ টাকা এবং কাঠবাদাম ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পর্কিত খবর

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে জমির সীমানার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুরগি নিয়ে বিরোধে হোটেলকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম