নিজস্ব প্রতিনিধি-: ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের দায়ে রাজু শেখ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রাজু শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, একটি শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু শেখের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। বিচারকাজ চলাকালে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সাক্ষী, চিকিৎসা সংক্রান্ত নথি ও অন্যান্য তথ্য প্রমাণ উপস্থাপন করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রাব্বানী রতন এসব তথ্য জানিয়েছেন।
