ঢাকা প্রতিনিধি - রাজধানীর ধানমন্ডি এলাকায় এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গত বুধবার রাতে ভুক্তভোগীর পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ করেন গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক জাহানারা আক্তার স্বপ্না। তিনি বলেন, মেয়েটি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিল। আমরা বিষয়টি জানার পর থানায় মামলা করেছি। নির্যাতনের বর্ণনা দিয়ে স্বপ্না বলেন, ওকে দিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করানো হতো। ঘুমানোর সময় দেওয়া হতো না। পরদিন কাজের সময় ঝিমুনি এলে মারধর করা হতো। বেঁধে মারধর ছাড়াও শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হতো। এমনকি তাকে ধারাবাহিকভাবে ধর্ষণ করা হয়েছে। ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধানমন্ডি এলাকার ৪/এ সড়কের ৪৫ নম্বর বাড়ির বাসিন্দা নাসিরুল হক সিদ্দিকী ও শাহনাজ সিদ্দিকী দম্পতির বিরুদ্ধে পাশবিক নির্যাতন, মারধর ও ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গৃহকর্মীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
