নিজস্ব প্রতিনিধি-: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে ৬৪ বিজিবি। গত শনিবার রাতে তাদের আটক করা হয়। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) এবং মো. আব্দু রহিমের ছেলে মো. মামুন (২১)। তিনি জানান, গত শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তের জিয়া খাল এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি পটলা নিয়ে সন্দেহজনকভাবে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
