বিকট শব্দে আতঙ্কিত এলাকাবাসী,ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগের চেষ্টা
asif
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি - ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুল্লাপাথর এলাকায় সালদা ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রের উচ্চক্ষমতাসম্পন্ন জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করেছে একটি চক্র। এ সময় বিকট শব্দে গ্যাস বের হতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গত শনিবার দিনভর চেষ্টা চালিয়ে লাইনটি মেরামত করেন। বিজিডিসিএল জানিয়েছে, গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টার সঙ্গে বাখরাবাদের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান প্রধান গ্যাসলাইন কেটে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) দেন। ওই চিঠিতে বলা হয়, কসবার ধোপাখোলা গ্রামে সালদা গ্যাসক্ষেত্রের গ্যাস সঞ্চালন লাইনে বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ছিদ্র করে একটি কারখানায় গ্যাস সরবরাহের উদ্দেশ্যে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করে। এতে প্রধান সঞ্চালন লাইনে অস্বাভাবিক গ্যাসের চাপ সৃষ্টি হয়ে বড় ধরনের দুর্ঘটনা ও জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারত। বিষয়টি জরুরিভিত্তিতে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিজিডিসিএল ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কুল্লাপাথর গ্রামটি ভারত সীমান্তসংলগ্ন। ঢাকার দুই-তিনজন ব্যক্তি তামাকশিল্পের কারখানা স্থাপনের কথা বলে গ্রামের মেহেদী হাসানের কাছ থেকে জমি ভাড়া নেন। তবে সেখানে চুনের কারখানা স্থাপনের উদ্দেশ্যে ধীরে ধীরে পাথর এনে মজুত করতে থাকেন তাঁরা। উপজেলার ধোপাখোলা, সাগরতলা ও নয়াপাড়া এলাকার নির্জন গ্রামীণ সড়কের পাশ দিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৬০০ পিএসআই চাপের ১০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালন পাইপলাইন রয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ওই উচ্চক্ষমতাসম্পন্ন লাইনে ছিদ্র করে চুনের কারখানায় সংযোগ নেওয়ার চেষ্টা চালায় চক্রটি। কিন্তু গ্যাসের তীব্র চাপে বিকট শব্দে গ্যাস বের হতে শুরু করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শনিবার দিনভর গ্যাসলাইন মেরামতের কাজ চালায় বিজিডিসিএল কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাধারণ মানুষের পক্ষে এ ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন গ্যাসলাইন ছিদ্র করা সম্ভব নয়। গ্যাস বিতরণের দায়িত্বে থাকা ব্যক্তিদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। কুল্লাপাথর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান বলেন, প্রায় এক মাস আগে ঢাকার দুই-তিনজন ব্যক্তি এসে তার কাছ থেকে জায়গা ভাড়া নেন। তারা তালমিশ্রীর কারখানা করবেন বলে জানিয়েছিলেন। পরে বড় বড় ট্রাকে করে পাথর আনতে শুরু করেন। পাথর গুঁড়া করে গলিয়ে চুন তৈরি করবেন বলে তাঁরা জানান। পরে তিনি জানতে পারেন, রাস্তার পাশের গ্যাসলাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর থেকে ওই ব্যক্তিরা পালিয়ে গেছেন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মোহাম্মদ জাহিদুর রেজা বলেন, গত শনিবার বিকেলে গ্যাসলাইনটি মেরামত করা হয়েছে। ঘটনাস্থলে একটি পরিত্যক্ত চুনের কারখানা পাওয়া গেছে। উচ্চক্ষমতাসম্পন্ন গ্যাসের পাইপলাইন থেকে ওই কারখানার লোকজন সংযোগ নিতে চেয়েছিলেন। তবে গ্যাসের উচ্চচাপের কারণে তাঁরা ব্যর্থ হন। এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
