সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
asif
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
সাতক্ষীরা প্রতিনিধি - সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহমুদুল হাসান (২৪) সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিং কর্মী হিসেবে কর্মরত। তিনি ওই এলাকার নজরুল ইসলাম ও রেবা দম্পতির ছেলে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ওই নারী চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করাতে সদর হাসপাতালে যান। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসার পরামর্শ দেওয়া হয়। একই কথা জানানো হয় প্যাথলজি বিভাগেও। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মাহমুদুল হাসান তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডেকে নেন। একপর্যায়ে প্রস্রাবের নমুনা নিয়ে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়। ভুক্তভোগীর অভিযোগ, তিনি কক্ষে প্রবেশ করার পর দরজা আটকে চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতন চালান মাহমুদুল। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে বাড়ি ফিরে ওই নারী বিষয়টি তার স্বামীকে জানান। স্বামীর সহযোগিতায় তিনি থানায় এসে নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলেন না। গতকাল মঙ্গলবার দুপুরে জানার পর তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
