Logo
Logo
×

জাতীয়

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ

asif

asif

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ

নিজস্ব প্রতিনিধি- চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন নাকচ করে দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি নিয়ে গতকাল বুধবার এ আদেশ দেন। ডনের পক্ষে তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেছিলেন। ডনের আইনজীবি জুয়েল বলেন,"আশরাফুল হক ডন এই মামলার এজাহারনামী আসামী নয় এবং তার নামে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি এই ঘটনায় জড়িত নন। তার জামিন প্রার্থনা করছি।" এর বিরোধিতা করে প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “রিজভী নামে এক আসামি অন্য মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেখানে ডনের নাম এসেছে। সে সালমান শাহ হত্যাকা-ের সাথে জড়িত। মামলা তদন্তাধীন। তাকে জামিন দিলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার ডনকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। গেল বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। ১১ জনের নাম উল্লেখ করে নীলা চৌধুরী দাবি করেন, এরা তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। মামলাটি এরপর তদন্ত করে র‌্যাব। তখন রাষ্ট্রপক্ষ আপত্তি তুললে ২০১৬ সালের ২১ অগাস্ট ঢাকার বিশেষ জজ ৬-এর বিচারক ইমরুল কায়েশ র‌্যাবকে মামলাটি আর তদন্ত না করার আদেশ দেন। তখন তদন্তের দায়িত্বে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার বছর তদন্তের পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তারা চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেখানেও বলা হয়, ঘটনার সময় উপস্থিত ও ঘটনায় সংশ্লিষ্ট ৫৪ সাক্ষীর জবানবন্দি বিশ্লেষণ করে এবং জব্দ আলামত পর্যালোচনা করে হত্যার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। পিবিআই তদন্ত প্রতিবেদনে বলে, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ এবং স্ত্রী সামিরার কারণে মা নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ‘অভিমানী’ সালমান আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। ওই প্রতিবেদনেও অসন্তুষ্টি জানিয়ে ছেলের মৃত্যু কীভাবে হয়েছিল, তা জানতে আরও তদন্ত চান নীলা চৌধুরী। এর মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন। এরপর আবার সালমানের পরিবারের পক্ষ থেকে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন দায়েরের আবেদন করা হয়। ২০২৫ সালের অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক রিভিশন আবেদন মঞ্জুর করেন। এ বিষয়ে সালমানের বাবা কমরউদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা করার নির্দেশ দিয়ে অভিযোগের বিষয়ে তদন্তের আদেশ দেওয়া হয়। পিবিআই ২০২০ যখন এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল, ডন তখন বলেছিলেন, “আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।” তিনি বলেছিলেন, “২৪টা বছর বুকের ভেতর বন্ধু হত্যার মিথ্যা অপবাদ নিয়ে আমাকে ঘুরতে হয়েছে। আমার যে ক্ষতি হয়েছে তার পূরণ কিছুতেই হবে না। আমি ধৈর্য ধরে ছিলাম। সত্য কোনো দিন মিথ্যা হয় না। মিথ্যাকেও কোনো দিন জোর করে সত্যি বানানো যায় না।” ওই বক্তব্য দেওয়ার ছয় বছর পর সালমান শাহ হত্যা মামলাতেই গ্রেপ্তার হন ডন। 
 

সম্পর্কিত খবর

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সিঁড়ি বেয়ে ওঠানো ও পেছনে হাতকড়া নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম