সূরা কাসাস
পারা ২০, আয়াত ৮৮, রুকু ৯ (মাক্কী)
৩৮. ফেরাউন বলল, ‘হে সভাসদরা! আমি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য আছে বলে জানি না। হামান! আমার জন্যে ইট তৈরি করো এবং তা দিয়ে সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো; যাতে সেখানে উঠে আমি মুসার উপাস্যকে দেখতে পাই। তবে আমি মনে করি সে মিথ্যাবাদী।’
৩৯-৪০. ফেরাউন ও তার দলবল অকারণে অহংকার করেছিল। মনে করেছিল, কোনোদিন আমার কাছে ফিরে আসতে হবে না। দম্ভ চূর্ণ করে তাকে দলবলসহ সাগরে ডুবিয়ে দিলাম। জালেমদের পরিণতি এমনই হয়।
৪১-৪২. আমি ওদের ক্ষমতা ও কর্তৃত্ব দিয়েছিলাম কিন্তু ওরা মানুষকে জাহান্নামের পথে ডেকেছে। (তাই ওদের ধ্বংস করে দিলাম।) কেয়ামতের দিনও ওরা কোনো সাহায্যকারী পাবে না। এ পৃথিবীতে ওরা অভিশপ্ত হয়েছে আর মহাবিচার দিবসে ওরা হবে ঘৃণিত।
সাহু সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১২২৫-১২২৬
আবদুল্লাহ্ ইব্নু বুহাইনাহ (রা:) হতে বর্ণিত-
আল্লাহর রাসূল (ﷺ) যুহরের দুই রাকাত আদায় করে দাঁড়িয়ে গেলেন। দুই রাকাতের পর তিনি বসলেন না। সালাত শেষ হয়ে গেলে তিনি দুটি সিজদা করলেন এবং অত:পর সালাম ফিরালেন।
‘আবদুল্লাহ্ (রা:) হতে বর্ণিত-
আল্লাহর রাসূল (ﷺ) যুহরের সালাত পাঁচ রাকাত আদায় করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হল, সালাত কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, এ প্রশ্ন কেন? (প্রশ্নকারী) বললেন, আপনি তো পাঁচ রাকাত সালাত আদায় করেছেন। অতএব তিনি সালাম ফিরানোর পর দুটি সিজদা করলেন।
