আল কোরআন
সূরা আহজাব
পারা ২১-২২, আয়াত ৭৩, রুকু ৯ (মাদানী)
৬. বিশ্বাসীদের কাছে রসুল সবচেয়ে আপন। আর রসুলের স্ত্রীরা বিশ্বাসীদের মা। আল্লাহর বিধান অনুসারে বিশ্বাসী আনসার ও মুহাজেরদের মধ্যে যারা পরস্পর আত্মীয় (সম্পত্তির উত্তরাধিকার হওয়ার জন্য), তারা অধিক হকদার। তা সত্ত্বেও তোমরা ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের প্রতি আনুকূল্য ও ভালো ব্যবহারে কোনো ত্রুটি কোরো না। এ কথাটিও লেখা আছে অমোঘ লিপিকা ‘লাওহে মাহফুজে’।
৭-৮. (হে নবি!) স্মরণ করো! আমি নবীদের কাছ থেকে, তোমার কাছ থেকে এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মরিয়মপুত্র ঈসার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আমি তো নবীদের কাছ থেকে অলঙ্ঘনীয় অঙ্গীকার নিয়েছিলাম, যাতে আমি সত্যবাদীদের জিজ্ঞাসাবাদ করতে পারি যে, তারা তাদের আহ্বানে কতটুকু সাড়া পেয়েছিল। নিশ্চয়ই সত্য অস্বীকারকারীদের জন্য আমি প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি।
৯. হে বিশ্বাসীগণ! স্মরণ করো! তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহের কথা! শত্রুবাহিনী যখন তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন আমি ওদের বিরুদ্ধে ঘূর্ণিঝড় ও অদৃশ্য বাহিনী পাঠিয়েছিলাম। আসলে তোমরা যা করো আল্লাহ তা দেখেন। ১০. (স্মরণ করো!) শত্রুবাহিনী যখন ওপর ও নিচ, দুদিক থেকেই তোমাদের ওপর হামলা করল, তখন তোমাদের চোখ হয়েছিল বিস্ফারিত, প্রাণ হয়েছিল কণ্ঠাগত আর আল্লাহ সম্পর্কে পরস্পরবিরোধী ভাবনায় মণ হয়েছিল আচ্ছন্ন। ১১. আসলে বিশ্বাসীরা তখন পড়েছিল গুরুতর পরীক্ষায়, হয়েছিল আতঙ্ককম্পিত।
আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২১১২-২১১৩
ইবনু ‘উমার (রা:) হতে বর্ণিত-
যখন দু’ব্যক্তি ক্রয়-বিক্রয় করে, তখন তাদের উভয়ে যতক্ষণ বিচ্ছিন্ন না হবে অথবা একে অপরকে ইখতিয়ার প্রদান না করবে, ততক্ষণ তাদের উভয়ের ইখতিয়ার থাকবে। এভাবে তারা উভয়ে যদি ক্রয়-বিক্রয় করে তবে তা সাব্যস্ত হয়ে যাবে। আর যদি তারা উভয়ে ক্রয়-বিক্রয়ের পর বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের কেউ যদি তা পরিত্যাগ না করে তবে ক্রয়-বিক্রয় সাব্যস্ত হয়ে যাবে।
ইবনু ‘উমার (রা:) হতে বর্ণিত-
নবি (ﷺ) বলেন, ক্রেতা-বিক্রেতা উভয়ে যতক্ষণ বিচ্ছিন্ন না হবে, ততক্ষণ তাদের মাঝে কোন ক্রয়-বিক্রয় সাব্যস্ত হবে না। অবশ্য ইখতিয়ারের শর্তে ক্রয়-বিক্রয় হলে তা সাব্যস্ত হবে।
