আল কোরআন
সূরা সেজদা
পারা ২১, আয়াত ৩০, রুকু ৩ (মাক্কী)
২০. সত্যত্যাগী ও দুরাচারীদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ওরা বার বার জাহান্নাম থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু বার বার ওদেরকে আগুনের মধ্যে ঠেলে দেওয়া হবে। বলা হবে, ‘এই সেই জাহান্নাম, যাকে তোমরা মিথ্যা মনে করতে। এখন আগুনের স্বাদ গ্রহণ করো।’ ২১. অবশ্য চূড়ান্ত শাস্তি দেয়ার আগে আমি অবশ্যই দুনিয়ায় ওদের হালকা আজাবের ব্যবস্থা করব, যাতে ওরা অনুতপ্ত হয়ে সত্যের পথে ফিরে আসার সুযোগ পায়। ২২. প্রতিপালকের বাণী স্মরণ করিয়ে দেয়ার পর যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে? যারা এভাবে পাপে নিমজ্জিত হয় তারা অবশ্যই কঠিন শাস্তি পাবে।
২৩. (হে নবি!) আমি এর আগে মুসার প্রতি কিতাব নাজিল করেছিলাম। অতএব কোরআন নাজিল হওয়া সম্পর্কে তোমার মনে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হওয়ার অবকাশ নেই। আমি মুসার কিতাবকে বনি ইসরাইলের জন্য পথনির্দেশক বানিয়েছিলাম (একইভাবে তোমার কিতাবকেও পথনির্দেশক বানিয়েছি)। ২৪. আমি বনি ইসরাইলের মধ্য থেকে বহু ধর্মীয় নেতা মনোনীত করেছিলাম, তারা বিশ্বাসে দৃঢ় ছিল, ছিল ধৈর্যশীল। তারা আমার বিধিবিধান অনুসারে অন্যদের পথনির্দেশ করত। (হে নবি! তোমার ওপর নাজিল করা কিতাবের ক্ষেত্রেও তা-ই হবে।)
২৫. (হে নবি!) ওরা যে-সব বিষয়ে পরস্পর মতবিরোধে লিপ্ত, পুনরুত্থান দিবসে আল্লাহ নিজেই সে ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দেবেন। ২৬. ওদের পূর্বে কত জনপদকেই না (পাপাচারের কারণে) আমি ধ্বংস করে দিয়েছি! সেই ধ্বংসস্তূপের ওপর দিয়েই ওরা যাতায়াত করে। কিন্তু এসব দেখা সত্ত্বেও এ থেকে শিক্ষা নিয়ে ওরা সুপথে এলো না। নিশ্চয়ই এসব ধ্বংসস্তূপে শিক্ষণীয় নিদর্শন রয়েছে, এরপরও কি ওরা (বিবেকের কথা) শুনবে না?
আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২১০৬-২১০৭
আনাস (রাঃ) হতে বর্ণিত-
নবি (ﷺ) বললেন, হে বানূ নাজ্জার! আমাকে তোমাদের বাগানের মূল্য বল। বাগানটিতে ঘরের ভাঙা চুরা অংশ ও খেজুর গাছ ছিল।
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত-
ক্রেতা-বিক্রেতা যতক্ষণ বিচ্ছিন্ন না হবে, ততক্ষণ তাদের বেচা-কেনার ব্যাপারে উভয়ের ইখতিয়ার থাকবে। আর যদি খিয়ারের শর্তে ক্রয়-বিক্রয় হয় (তাহলে পরেও ইখতিয়ার থাকবে)। নাফি (রহঃ) বলেন, ইবনু ‘উমর (রাঃ) কোন পণ্য ক্রয়ের পর তা পছন্দ হলে মালিক হতে বিচ্ছিন্ন হয়ে পড়তেন।
