আল কোরআন
সূরা আনকাবুত
পারা ২০-২১, আয়াত ৬৯, রুকু ৭ (মাক্কী)
১৪-১৫. আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে সাড়ে নয় শ বছর বসবাস করেছিল। শেষ পর্যন্ত মহাপ্লাবন ওদের গ্রাস করে। কারণ ওরা ছিল সীমালঙ্ঘনকারী। আমি নূহ ও তার সাথে নৌকায় আরোহণকারীদের রক্ষা করলাম। পুরো ঘটনাকে আমি বিশ^াসীদের জন্যে শিক্ষণীয় নিদর্শনে পরিণত করলাম।
১৬-১৭. স্মরণ করো! ইব্রাহিম তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ-সচেতন হও। এটাই তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা জানতে! তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির উপাসনা করছ এবং তোমাদের অলীক কল্পনাকে দৃশ্যমান রূপ দিয়েছ। আসলে আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো, তারা তোমাদের জীবনোপকরণের মালিক নয় এবং তোমাদের কিছু দেয়ার ক্ষমতাও তাদের নেই। তাই তোমরা শুধু আল্লাহর কাছেই জীবনোপকরণ চাও। তাঁর ইবাদত করো। তাঁর শুকরিয়া আদায় করো। তোমরা আসলে তাঁর কাছেই ফিরে যাবে। ১৮. ইব্রাহিম আরো বলল, (হে আমার সম্প্রদায়!) যদি তোমরা আমাকে প্রত্যাখ্যান করো (তবে তাতে আমার কোনো ক্ষতি হবে না)। অতীতেও তোমাদের পূর্বসূরিরা বহু নবীকে প্রত্যাখ্যান করেছিল। আল্লাহর বাণী সুস্পষ্টভাবে পৌঁছে দেয়াই রসুলদের কাজ (গ্রহণ করা বা না করা তোমাদের ব্যাপার)।
১৯. সত্য অস্বীকারকারীরা কি লক্ষ করে না, আল্লাহ কীভাবে নতুন জীবন সৃজন করেন? আবার কীভাবে সৃষ্টির পুনরাবৃত্তি ঘটান? এ-তো আল্লাহর জন্যে খুবই তুচ্ছ বিষয়!
আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৪৮
‘আবদুর রহমান ইবনু আওফ (রা:) হতে বর্ণিত-
আমরা যখন মদিনায় আসি, তখন আল্লাহর রাসূল (ﷺ) আমার এবং সাদ ইবন রাবী (রা:) এর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দেন। পরে সাদ ইবন রাবী (রা:) বললেন, আমি আনসারদের মধ্যে অধিক ধনাঢ্য ছিলাম। আমার অর্ধেক সম্পত্তি তোমাকে বন্টন করে দিচ্ছি এবং আমার উভয় স্ত্রীকে দেখে যাকে তোমার পছন্দ হয়, বল আমি তাকে তোমার জন্য পরিত্যাগ করব। যখন সে (ইদ্দত পূর্ণ করবে) তখন তুমি বিবাহ করবে।
আবদুর রহমান (রা:) বললেন, এ সবে আমার কোন প্রয়োজন নেই। বরং (আপনি বলুন) ব্যবসা-বাণিজ্য করার মতো কোন বাজার আছে কি? তিনি বললেন, কায়নুকার বাজার আছে। পরদিন আবদুর রহমান (রা:) সে বাজারে গিয়ে পনীর ও ঘি (খরিদ করে) নিয়ে আসলেন। এরপর ক্রমাগত যাওয়া-আসা করতে থাকেন। কিছুকাল পরে আবদুর রহমান (রা:) এর কাপড়ে বিয়ের হলুদ রঙের চিহ্ন দেখা গেল। এরপর আল্লাহর রাসূল (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহ করেছ? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, সে কে? তিনি বললেন, জনৈকা আনসারী মহিলা। তিনি জিজ্ঞেস করলেন, কী পরিমাণ মোহর দিয়েছ? আবদুর রহমান (রা:) বললেন, খেজুরের এক আঁটি পরিমাণ স্বর্ণ। নবী (ﷺ) তাঁকে বললেন, একটি বকরী দিয়ে হলেও ওয়ালীমা কর।
