আল কোরআন
সূরা লোকমান
পারা ২১, আয়াত ৩৪, রুকু ৪ (মাক্কী)
১০-১১. তিনিই নভোমণ্ডলকে নির্মাণ করেছেন কোনো খুঁটি ছাড়া, যা তোমরা নিজ চোখেই দেখছ। তিনি পৃথিবীতে পর্বতমালা বসিয়েছেন জমিনের ভারসাম্য বজায় রাখার জন্য। তিনি জমিনে সব ধরনের প্রাণিকুলের বিস্তারের ব্যবস্থা করেছেন। তিনি মেঘমালা হতে বৃষ্টিবর্ষণ করে সব ধরনের সুকোমল প্রাণের বিকাশকে নিশ্চিত করেছেন। এ সবই আল্লাহর সৃষ্টি। তিনি ছাড়া অন্য কেউ কোনোকিছু সৃষ্টি করে থাকলে তা আমাকে দেখাও। আসলে জালেমরা সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত।
১২. আমি লোকমানকে এ প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করেছিলাম, ‘আল্লাহর প্রতি শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজেরই কল্যাণ করে। আর কেউ অকৃতজ্ঞ হলে (তার জানা উচিত) আল্লাহ তো অভাবমুক্ত ও সদাপ্রশংসিত।’
১৩. স্মরণ করো, লোকমান তার পুত্রকে বলেছিল, ‘হে আমার সন্তান! আল্লাহর সাথে কাউকে শরিক কোরো না। নিশ্চয়ই শিরক অতিবড় জুলুম (মহাপাপ)।’
আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৯২-২০৯৩
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত-
এক দরজি খাবার তৈরি করে আল্লাহর রাসূল (ﷺ)-কে দাওয়াত করলেন। আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে সেই খাবারে গেলাম। তিনি (দরজি) আল্লাহর রাসূল (ﷺ)-এর সামনে রুটি এবং ঝোল যাতে লাউ ও গোশতের টুকরা ছিল, পেশ করলেন। আমি নবি (ﷺ)-কে দেখতে পেলাম যে, পেয়ালার কিনারা হতে তিনি লাউয়ের টুকরা খোঁজ করে নিচ্ছেন। সেদিন হতে আমি সব সময় লাউ ভালোবাসতে থাকি।
সাহল ইবনু সা’দ (রাঃ) হতে বর্ণিত-
এক মহিলা একটি বুরদা আনলেন। [সাহল (রাঃ)] বললেন, তোমরা জান বুরদা কী? তাঁকে বলা হয়, হ্যাঁ, তা হল এমন চাদর, যার পাড় বুনানো। মহিলা বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল! আপনাকে পরিধান করানোর জন্য আমি এটি নিজ হাতে বুনে নিয়ে এসেছি। নবি (ﷺ) তা গ্রহণ করলেন এবং তাঁর এটির প্রয়োজন ছিল। তারপর তিনি তা তহবন্দরূপে পরিধান করে আমাদের সামনে এলেন।
