আল কোরআন
সূরা লোকমান
পারা ২১, আয়াত ৩৪, রুকু ৪ (মাক্কী)
২১. যখন ওদের বলা হয়, ‘আল্লাহ-প্রেরিত বাণী অনুসরণ করো’, তখন ওরা বলে, ‘না না, আমড়া আমাদের বাপদাদাদের পদাঙ্ক অনুসরণ করব’। শয়তান ওদের জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকলেও কি ওরা তা-ই অনুসরণ করবে?
২২. যে-কেউ আল্লাহতে সমর্পিত হয় এবং সৎকর্ম করে, সে আসলে একটি নির্ভরযোগ্য আশ্রয় শক্তভাবে ধরে। সব ব্যাপারে চূড়ান্ত ফয়সালা তো আল্লাহরই হাতে।
২৩-২৪. এরপর কেউ সত্য অস্বীকার করলে তা যেন তোমাকে চিন্তিত না করে। ওদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। তারপর ওরা জীবনে যা করেছে, সবই ওদের অবহিত করা হবে। মানুষের অন্তরে যা রয়েছে, আল্লাহ তা ভালোভাবেই জানেন। আমি দুনিয়ায় ওদের ভোগবিলাসের সুযোগ দিয়েছি স্বল্পকালের জন্য। এরপর কঠিন আজাব ভোগ করতে বাধ্য করব ওদের।
আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৯৬-২০৯৭
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত-
আল্লাহর রাসূল (ﷺ) জনৈক ইয়াহূদী হতে বাকীতে খাদ্য ক্রয় করেন এবং নিজের লৌহ বর্ম তার কাছে বন্ধক রাখেন।
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত-
এক যুদ্ধে নবি (ﷺ)-এর সঙ্গে ছিলাম। আমার উটটি অত্যন্ত ধীরে চলছিল বরং চলতে অক্ষম হয়ে পড়েছিল। এমতাবস্থায় নবি (ﷺ) আমার কাছে এলেন এবং বললেন, জাবির? আমি বললাম, জী। তিনি জিজ্ঞেস করলেন, তোমার অবস্থা কী? আমি বললাম, আমার উট আমাকে নিয়ে অত্যন্ত ধীরে চলছে এবং অক্ষম হয়ে পড়ছে। ফলে আমি পিছনে পড়ে গেছি। তখন তিনি নেমে চাবুক দিয়ে উটটিকে আঘাত করতে লাগলেন। তারপর বললেন, এবার আরোহণ কর। আমি আরোহণ করলাম।
এরপর অবশ্য আমি উটটিকে এমন পেলাম যে, আল্লাহর রাসূল (ﷺ) হতে অগ্রসর হওয়ায় বাধা দিতে হয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহ করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কুমারী না বিবাহিতা? আমি বললাম, বিবাহিতা। তিনি বললেন, তরুণী বিবাহ করলে না কেন? তুমি তার সাথে হাসি-তামাশা এবং সে তোমার সাথে পূর্ণভাবে হাসি-তামাশা করত। আমি বললাম, আমার কয়েকটি বোন রয়েছে, ফলে আমি এমন এক মহিলাকে বিবাহ করতে পছন্দ করলাম, যে তাদেরকে মিল-মহব্বতে রাখতে, তাদের পরিচর্যা করতে এবং তাদের উত্তমরূপে কর্তৃত্ব করতে সক্ষম হয়। তিনি বললেন, শোন! তুমি তো বাড়িতে পৌঁছবে? যখন তুমি পৌঁছবে তখন তুমি বুদ্ধিমত্তার পরিচয় দেবে।
