আল কোরআন
সূরা লোকমান
পারা ২১, আয়াত ৩৪, রুকু ৪ (মাক্কী)
২৯. তুমি কি দেখ না, আল্লাহ রাতকে বড় করে দিনকে ছোট করেন আবার রাতকে ছোট করে দিনকে বড় করেন! তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের অধীন করেছেন। প্রত্যেকেই নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে। তোমরা যা-কিছু করো, আল্লাহ তা সবই জানেন। ৩০. প্রকৃতির সবকিছুই প্রমাণ করে যে, আল্লাহই ধ্রুবসত্য। আর ওরা তাঁকে বাদ দিয়ে যাকেই (উপাস্য হিসেবে) ডাকে, তা ডাহা মিথ্যা। আল্লাহই শ্রেষ্ঠ, সর্বোচ্চ সুমহান।
৩১-৩২. তুমি কি লক্ষ্য করো না যে, আল্লাহর অনুগ্রহেই নৌযানগুলো সমুদ্রে বিচরণ করে। এ-তো তাঁর মহিমার নিদর্শন। অবশ্যই এতে ধৈর্যশীল ও কৃতজ্ঞ মানুষের জন্য অনেক নিদর্শন রয়েছে। যখন উত্তাল তরঙ্গে নৌযান দুলতে থাকে, তখন মৃত্যুর মুখোমুখি হয়ে ওরা হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকে, আনুগত্যের প্রতিজ্ঞা করে। কিন্তু যখন তিনি ওদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন, তখন ওদের অনেকেই (বিশ্বাস আর শিরকের) মাঝপথে আটকে যায়। আসলে কেবল মিথ্যাচারী ও অকৃতজ্ঞ ব্যক্তিই আমার নিদর্শনাবলি অস্বীকার করে।
৩৩. হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে সচেতন হও এবং ভয় করো সেদিনের, যেদিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, না সন্তান পিতার কোনো উপকার করতে পারবে। অবশ্যই আল্লাহর প্রতিশ্রুত (পুনরুত্থান) অনিবার্য সত্য। সুতরাং পার্থিব জীবনের মোহ যেন তোমাদের বিভ্রান্ত না করে এবং আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনামূলক চিন্তাভাবনাকে প্রশ্রয় দিয়ে শয়তানের ধোঁকায় যেন পড়ে না যাও।
৩৪. নিশ্চয়ই কখন কেয়ামত হবে তা শুধু আল্লাহই জানেন। তিনি মেঘ থেকে বৃষ্টিবর্ষণ করেন। তিনি জানেন জরায়ুতে কী আছে। অথচ কেউই জানে না আগামীকাল তার জন্য কী অপেক্ষা করছে এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত।
আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৯৮-২০৯৯
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত-
তিনি বললেন, উকায, মাজান্না ও যুল-মাজায জাহিলী যুগের বাজার ছিল, ইসলামের আবির্ভাবের পর লোকেরা তথায় ব্যাবসা করা গুনাহের কাজ মনে করল। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা নাযিল করলেনঃ তোমাদের ওপর কোন গুনাহ নাই ...... (অর্থাৎ) হজ্জের মওসুমে। ইবনু ‘আব্বাস (রাঃ) এরূপ পড়েছেন।
‘আমর (রহঃ) হতে বর্ণিত-
এখানে নাওওয়াস নামক এক ব্যক্তি ছিল। তার নিকট অতি পিপাসা রোগে আক্রান্ত একটি উট ছিল। ইবনু ‘উমর (রাঃ) তার শরীকের কাছ থেকে সে উটটি কিনে নেন। পরে তার শরিক তার নিকট উপস্থিত হয়ে বলল, সে উটটি বিক্রি করে দিয়েছি। নাওওয়াস জিজ্ঞেস করলেন, কার কাছে বিক্রি করেছ? সে বলল, এমন আকৃতির এক বৃদ্ধের কাছে। নাওওয়াস বলে উঠলেন, আরে কি সর্বনাশ! তিনি তো আল্লাহর কসম ইবনু 'উমর (রাঃ) ছিলেন।
এরপর নাওওয়াস তাঁর নিকট এলেন এবং বললেন, আমার শরিক আপনাকে চিনতে না পেরে আপনার কাছে একটি পিপাসাক্রান্ত উট বিক্রি করেছে। তিনি বললেন, তবে উটটি নিয়ে যাও। সে যখন উটটি নিয়ে যেতে উদ্যত হলো, তখন তিনি বললেন, রেখে দাও। আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর ফয়সালায় সন্তুষ্ট যে, রোগে কোন সংক্রমণ নেই।
সুফয়ান (রহঃ) ‘আমর (রহঃ) হতে উক্ত হাদীসটি শুনেছেন।
